ফিলীমনের প্রতি প্রেরিত পৌলের পত্র|

1

মঙ্গলাচরণ| ওনীষিমঃ নামক দাসের জন্য নিবেদন|

1পৌল, খ্রীষ্ট যীশুর বন্দি, এবং ভ্রাতা তীমথীয়- আমাদের প্রেমপাত্র ও সহকারী ফিলীমন, 2আপ্পিয়া ভগিনী ও আমাদের সহসেনা আর্খিপ্প এবং তোমাদের গৃহস্থিত মন্ডলী সমীপে| 3আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ত্তুক|

4আমি আমার প্রার্থনাকালে তোমার নাম উল্লেখ করিয়া সর্ব্বদা আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি, 5কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যীশুর প্রতি ও সমস্ত লোকের প্রতি আছে, সে কথা শুনিতে পাইতেছি; 6আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞানে যেন তোমার বিশ্বাসের সহভাগিতা খ্রীষ্টের উদ্দেশে কার্য্যসাধক হয়, এই প্রার্থনা করিতেছি| 7কেননা তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও আশ্বাস পাইয়াছি, কারণ, হে ভ্রাতা, তোমার দ্বারা পবিত্রগণের প্রাণ জুড়াইয়াছে| 8অতএব, যাহা উপযুক্ত, তদ্বিষয়ে তোমাকে আজ্ঞা দিতে যদিও খ্রীষ্টে আমার সম্পূর্ণ সাহস আছে, 9তথাপি আমি প্রেম প্রযুক্ত বরং বিনতি করিতেছি- ঈদৃশ ব্যক্তি, সেই বৃদ্ধ পৌল, এবং এখন আবার খ্রীষ্ট যীশুর বন্দি 10-আমি নিজ বৎসের বিষয়ে, বন্ধন-দশায় যাহাকে জন্ম দিয়াছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি| 11সে পূর্ব্বে তোমার অনুপযোগী ছিল, কিন্তু এখন তোমার ও আমার, উভয়ের উপযোগী| 12তাহাকেই আমি তোমার কাছে ফিরিয়া পাঠাইলাম, অর্থাৎ আমার নিজ প্রাণতুল্য ব্যক্তিকে পাঠাইলাম| 13আমি তাহাকে আমার কাছে রাখিতে চাহিয়া ছিলাম, যেন সুসমাচারের বন্ধন দশায় সে তোমার পরিবর্ত্তে আমার পরিচর্য্যা করে| 14কিন্তু তোমার সম্মতি বিনা কিছু করিতে ইচ্ছা করিলাম না, যেন তোমার সৌজন্য আবশ্যকতার ফল না হইয়া স্ব-ইচ্ছার ফল হয়| 15কারণ হয় ত সে এই হেতুই কিয়ৎ কালের নিমিত্ত পৃথকীকৃত হইয়াছিল, যেন তুমি অনন্তকালের জন্য তাহাকে পাইতে পার; 16পুনরায় দাসের ন্যায় নয়, কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির, প্রিয় ভ্রাতার ন্যায়; বিশেষরূপে সে আমার প্রিয়, এবং মাংসের ও প্রভুর, উভয়ের সম্বন্ধে তোমার কত অধিক প্রিয়| 17অতএব যদি আমাকে সহভাগী জান, তবে আমার তুল্য বলিয়া তাহাকে গ্রহণ করিও| 18আর যদি সে তোমার প্রতি কোন অন্যায় করিয়া থাকে, কিম্বা তোমার কিছু ধারে, তবে তাহা আমার বলিয়া গন্য কর; 19আমি পৌল স্বহস্তে ইহা লিখিলাম; আমিই পরিশোধ করিব -তুমি যে আমার কাছে ঋণবৎ আপনাকেও ধার, তোমাকে এ কথা বলিতে চাই না| 20হাঁ, ভ্রাতা, প্রভুতে তোমা হইতে আমার লাভ হউক; তুমি খ্রীষ্টে আমার প্রাণ জুড়াও| 21তোমার আজ্ঞাবহতায় দৃঢ় বিশ্বাস আছে বলিয়া তোমাকে লিখিলাম; যাহা বলিলাম, তুমি তদপেক্ষাও অধিক করিবে, ইহা জানি| 22কিন্তু আবার আমার জন্য বাসাও প্রস্তুত করিয়া রাখিও, কেননা আশা করি, তোমাদের প্রার্থনার দ্বারা তোমাদিগকে প্রদত্ত হইব| 23খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দি ইপাফ্রা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন, 24মার্ক, আরিষ্টার্খ দীমা ও লূক, আমার এই সহবন্দিগণও করিতেছেন| 25প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্ত্তী হউক| আমেন|