যোহনের প্রতি দ্বিতীয় পত্র|
1জনৈক খ্রীষ্টিয় মহিলার প্রতি পত্র|
1এই প্রাচীন- মনোনীতা মহিলা ও তাঁহার সন্তানগণের সমীপে; যাঁহাদিগকে আমি সত্যে প্রেম করি (কেবল আমি নয়, বরং যত লোক সত্য জানে, সকলেই করে), 2সেই সত্য প্রযুক্ত, যাহা আমাদিগতে বাস করিতেছে, এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকিবে| 3অনুগ্রহ, দয়া, শান্তি, পিতা ঈশ্বর হইতে, এবং সেই পিতার পুত্র যীশু খ্রীষ্ট হইতে, সত্যে ও প্রেমে আমাদের সঙ্গে থাকিবে|
4আমি অতিশয় আনন্দ করি, কেননা দেখিতে পাইয়াছি, যেমন আমার পিতা হইতে আদেশ প্রাপ্ত হইয়াছি, তোমার সন্তানদের মধ্যে কেহ কেহ তেমনি সত্যে চলিতেছে| 5আর এখন, অয়ি মহিলে, আমি তোমাকে নূতন আজ্ঞা লিখিবার মত নয়, কিন্তু আদি হইতে আমরা যে আজ্ঞা পাইয়াছি, তদনুসারে তোমাকে এই বিনতি করিতেছি, যেন আমরা পরস্পর প্রেম করি| 6আর প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞানুসারে চলি; আজ্ঞাটী এই, যেমন তোমরা আদি হইতে শুনিয়াছ, যেন তোমরা উহাতে চল| 7কারণ অনেক ভ্রামক জগতে বাহির হইয়াছে; যীশু খ্রীষ্ট মাংসে আগমন করিয়াছেন, ইহা তাহারা স্বীকার করে না; এই ত সেই ভ্রামক ও খ্রীষ্টারি| 8আপনাদের বিষয়ে সাবধান হও; আমরা যাহা সাধন করিয়াছি, তাহা যেন তোমরা না হারাও, কিন্তু যেন সম্পূর্ণ পুরস্কার পাও| 9যে কেহ অগ্রে চলে, এবং খ্রীষ্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই; সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে| 10যদি কেহ সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আইসে, তবে তাহাকে বাটীতে গ্রহণ করিও না, এবং তাহাকে ‘মঙ্গল হউক’ বলিও না| 11কেননা যে তাহাকে ‘মঙ্গল হউক’ বলে, সে তাহার দুষ্কর্ম্ম সকলের সহভাগী হয়| 12তোমাদিগকে লিখিবার অনেক কথা ছিল; কাগজ ও কালী ব্যবহার করিতে আমার ইচ্ছা হইল না| কিন্তু প্রত্যাশা করি যে, আমি তোমাদের কাছে গিয়া সম্মুখাসম্মূখি হইয়া কথাবার্ত্তা কহিব, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়| 13তোমার মনোনীতা ভগিনীর সন্তানগণ তোমাকে মঙ্গলবাদ করিতেছে|