নহূম ভাববাদীর পুস্তক

1

1এই বইটিতে ইল্কোশীয় নহূমের দর্শন রয়েছে। নীনবী শহরের সম্বন্ধে এটা এক দুঃখজনক বার্তা।

নীনবীর ওপর প্রভু খুবই ক্রুদ্ধ

2প্রভু হচ্ছেন ঈর্ষাপরায়ণ ঈশ্বর।

প্রভু দোষী ব্যক্তিদের শাস্তি দেন।

এবং তিনি ভীষণ ক্রুদ্ধ হন।

প্রভু তাঁর শত্রুদের শাস্তি দেন,

এবং শত্রুদের ওপর তাঁর ক্রোধ বজায় থাকে।

3প্রভু ধৈর্য্যশীল,

কিন্তু তিনি খুবই শক্তিশালী!

প্রভু দোষী ব্যক্তিদের শাস্তি দেবেন।

তিনি তাদের মুক্ত হয়ে চলে যেতে দেবেন না।

প্রভু খারাপ লোকদের শাস্তি দেবার জন্য আসছেন।

তিনি তাঁর ক্ষমতা দেখাবার জন্য ঘূর্নী হাওয়া এবং ঝড় ব্যবহার করবেন।

প্রভু মেঘমালার ওপর দিয়ে হাঁটেন!

4প্রভু সমুদ্রের সঙ্গে রূঢ়ভাবে কথা বলবেন

এবং তা শুকিয়ে যাবে।

তিনি সমস্ত নদীগুলিকে শুকিয়ে দেবেন!

কর্মিল এবং বাশনের উর্বর জমিগুলি ধীরে ধীরে শুকনো এবং অনুর্বর হয়ে যাবে।

লিবানোনের ফুলগুলি শুকিয়ে ঝরে যাবে।

5প্রভু আসবেন,

আর পর্বতগুলি ভয়ে আন্দোলিত হবে

এবং উপপর্বতগুলি গলে যাবে।

প্রভু আসবেন

এবং পৃথিবী ভয়ে কাঁপবে।

পৃথিবী এবং পৃথিবীস্থ

প্রত্যেকটি লোক ভয়ে কাঁপবে।

6কোন লোকই প্রভুর ভয়ঙ্কর ক্রোধের সামনে দাঁড়াতে পারবে না।

তাঁর ক্রোধের ভয়াবহতা কেউ সহ্য করতে পারবে না।

তাঁর ক্রোধ আগুনের মতো জ্বলবে।

যখন তিনি আসবেন তখন পাথরগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।

7প্রভু মঙ্গলময়, সঙ্কটের সময় আশ্রয়ের জন্য তিনিই নিরাপদ স্থান।

যে সব লোক তাঁর ওপর আস্থা রাখে

তিনি তাদের যত্ন নেন।

8কিন্তু তিনি সম্পূর্ণরূপে তাঁর শত্রুদের ধ্বংস করবেন।

বন্যার মত তিনি তাদের ধুয়ে দেবেন।

তিনি তাঁর শত্রুদের অন্ধকারে তাড়িয়ে দেবেন।

9প্রভুর বিরূদ্ধে তোমরা কেন ষড়যন্ত্রের পরিকল্পনা করছ?

তিনি একেবারে ধ্বংস করে দেবেন,

তাই দ্বিতীয় বারের জন্য আর বিপদ আসবে না।

10তোমরা একটি পাত্রের নীচে পুড়ছে

এমন একটি কাঁটাঝোপের মত সম্পূর্ণভাবে ধ্বংস হবে।

শুকনো আগাছাগুলি যেভাবে তাড়াতাড়ি আগুনে পুড়ে যায়,

সেই ভাবেই তোমরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে।

11অশূরীয়, একজন ব্যক্তি তোমার কাছ থেকে এসেছে।

সে প্রভুর বিরূদ্ধে অন্যায় ষড়যন্ত্র করেছিল এবং খারাপ উপদেশ দিয়েছিল।

12ঈশ্বর যিহূদাকে এই কথাগুলি বলেছিলেন:

“অশূরীয়র লোকদের পুরো সামরিক শক্তি আছে।

তাদের বহু সৈন্য আছে

কিন্তু তাদের সবাইকে কেটে ফেলা হবে।

তারা সবাই শেষ হয়ে যাবে।

আমার লোকরা, আমি তোমাদের যন্ত্রণা দিচ্ছি,

কিন্তু আমি তোমাদের আর কষ্ট ভোগ করতে দেব না।

13এখন আমি অশূরীয় ক্ষমতা থেকে তোমাদের সবাইকে মুক্তি দেবো।

আমি তোমাদের কাঁধ থেকে সেই যোয়াল সরিয়ে দেবো।

যে শৃঙ্খলগুলি তোমাদের ধরে রেখেছে সেগুলি আমি ছিঁড়ে ফেলব।”

14হে অশূরের রাজা, প্রভু তোমার সম্বন্ধে এই আদেশ দিয়েছেন;

“তোমার নাম ধরে রাখবার জন্য একজন উত্তরপুরুষ তুমি পাবে না।

আমি তোমার মন্দিরে খোদাই করা মূর্তি

এবং ধাতব মূর্তিগুলি ধ্বংস করে দেবো।

আমি তোমার জন্য কবর তৈরী করছি।

কারণ শীঘ্রই তোমার শেষ সময় আসছে।”

15যিহূদা, দেখো ওদিকে দেখো!

পর্বতগুলোর ওপর দিয়ে একজন আসছে সুসমাচার নিয়ে একজন বার্তাবাহক আসছে,

সে বলছে, ওখানে শান্তি রয়েছে!

যিহূদা তুমি তোমার বিশেষ উৎ‌সবের দিনগুলো পালন করো

যিহূদা যে কাজগুলি তুমি করবে বলে প্রতিশ্রুতি করেছিলে সেগুলো করো

ঐ খারাপ লোকরা আবার এসে তোমাকে আক্রমণ করবে না;

কারণ সেই সব খারাপ লোকগুলো ধ্বংস হয়ে গেছে!

2

নীনবী ধ্বংস হবে

1একজন শত্রু তোমাকে আক্রমণ করার জন্য আসছে।

সেজন্য তোমার শহরের শক্ত জায়গাগুলিকে পাহারা দাও।

রাস্তায় নজর রাখো।

যুদ্ধের জন্য তৈরী হও।

সংগ্রামের জন্য প্রস্তুত হও!

2হ্যাঁ, প্রভু যাকোবের মাহাত্ম্য পাল্টে দেবেন।

তার শ্রী ইস্রায়েলের মতোই হবে।

শত্রুরা তাদের ধ্বংস করেছে

এবং তাদের দ্রাক্ষা ক্ষেতগুলি ধ্বংস করেছে।

3ঐসব সৈন্যদের বর্মগুলো লাল।

তাদের উর্দিগুলো উজ্জ্বল লাল।

তাদের রথগুলো যুদ্ধের জন্য সারি দিয়ে দাঁড়িয়ে আছে

এবং আগুনের শিখার মতো চক্চক্ করছে

এবং তাদের ঘোড়াগুলো যাবার জন্য প্রস্তুত।

4রথগুলো রাস্তার ওপর উন্মত্তের মত এগোচ্ছে।

প্রশস্ত জায়গায় তারা হুড়োহুড়ি করে সামনে পেছনে যাচ্ছে।

তাদের জ্বলন্ত মশালের মতো চক্চকে দেখাচ্ছে।

এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুতের মতো ঝলসে উঠছে!

5শত্রু পক্ষ তার সব থেকে ভালো সৈন্যদের ডাকছে।

কিন্তু দৌড়ে যেতে গিয়ে তারা হোঁচট খাচ্ছে।

তারা প্রাচীরের দিকে দৌড়ে যাচ্ছে

এবং অবরোধ যন্ত্র বসাচ্ছে।

6কিন্তু নদীর ধারের দরজাগুলো খোলা রয়েছে

এবং শত্রুরা এর মধ্যে দিয়ে বন্যার মত প্রবেশ করে রাজার বাড়ী ধ্বংস করছে।

7শত্রুরা রাণীকে নিয়ে চলে যাচ্ছিল।

তার ক্রীতদাসীরা ঘুঘু পাখীর মত দুঃখে বিলাপ করছিলো।

দুঃখ বোঝাবার জন্য তারা তাদের বুক চাপড়াচ্ছিল।

8নীনবীর অবস্থা জলাশয়ের মত,

যার জল নর্দমা দিয়ে বয়ে চলে যাচ্ছে।

জনসাধারণ তীব্রস্বরে গর্জন করছে, “থামো! পালিয়ে যেও না!”

কিন্তু তাতে কোন ভালো ফল হচ্ছে না।

9সৈন্যরা, তোমরা যারা নীনবী ধ্বংস করেছো,

তোমরা রূপো নিয়ে যাও!

সোনা নিয়ে যাও!

নেবার অনেক কিছু আছে।

এখানে অনেক সম্পদ আছে।

10এখন নীনবী শূন্য।

সব জিনিষই চুরি হয়ে গেছে।

শহরটি ধ্বংস হয়েছে।

জনসাধারণ তাদের সাহস হারিয়েছে।

তাদের হৃদয় ভয়ে গলে যাচ্ছে,

তাদের হাঁটুগুলো ঠক্-ঠক্ শব্দে কাঁপছে।

তাদের শরীর কাঁপছে,

তাদের মুখ ভয়ে সাদা হয়ে গেছে।

11সিংহের গুহাস্বরূপ নীনবী এখন কোথায়

যেখানে পুরুষ এবং স্ত্রী-সিংহরা থাকত?

তাদের শিশুরা ভয় পেত না।

12সিংহ (নীনবীর রাজা) তার বাচ্চাদের

এবং সিংহকে খাওয়াবার জন্য বহু লোক হত্যা করেছে।

সে তার গুহা (নীনবী) মনুষ্যদেহ দিয়ে ভরে দিয়েছিল।

যে নারীদের সে হত্যা করেছিল তাদের দেহগুলি দিয়ে তার গুহা পূর্ণ করেছে।

13সর্বশক্তিমান প্রভু বলেছেন,

“নীনবী, আমি তোমার বিরূদ্ধে!

আমি তোমার রথগুলোকে জ্বালিয়ে দেব।

যুদ্ধে আমি তোমার ‘সিংহ শাবকদের’ মেরে ফেলব।

তুমি পৃথিবীতে কাউকে শিকার করতে সমর্থ হবে না।

লোকরা আর কখনোই তোমার দূতদের কাছ থেকে

কোন খারাপ খবর শুনবে না।”

3

নীনবীর পক্ষে খারাপ সংবাদ

1সেই খুনেদের শহরের পক্ষে এটা খুবই খারাপ হবে।

নীনবী এমনই এক মিথ্যায় পূর্ণ শহর।

অন্য দেশ থেকে নিয়ে আসা জিনিষ দিয়ে এ শহর ভর্ত্তি করা হয়েছে।

শহরটি হত্যা ও লুঠ করা থেকে কখনও বিরত হয় না।

2তোমরা চাবুক মারার শব্দ,

চাকার শব্দ,

ঘোড়াদের টগবগিয়ে যাবার শব্দ

এবং রথগুলোর লাফিয়ে যাবার শব্দ শুনতে পাচ্ছো।

3অশ্বারোহী সৈন্যরা আক্রমণ করছে;

তাদের তরবারিগুলো জ্বল-জ্বল করে উঠছে

এবং তাদের বর্শাগুলো চক্চক্ করছে!

সেখানে অনেক মৃত মানুষের দেহ,

মৃতদেহগুলি স্তুপীকৃত, এতগুলি দেহ যে গোনা যায় না।

লোকরা মৃতদেহগুলির ওপর হোঁচট খেয়ে পড়ছে।

4নীনবীর জন্যই এইসব কিছু ঘটেছে।

নীনবী ঠিক যেন বেশ্যার মতো যে কখনোই যথেষ্ট কিছু পায়নি।

সে আরো আরো চেয়েছে।

সে নিজেকে বহু জাতির কাছে বিক্রী করে দিয়েছিল।

তার মায়াবী যাদু দিয়ে সে তাদের তার দাস বানিয়ে ফেলেছে।

5সর্বশক্তিমান প্রভু বলেছেন,

“নীনবী, আমি তোমার বিরূদ্ধে,

আমি তোমার জামাকাপড় তোমার মুখের ওপর তুলে দেবো।+ 3:5 আমি … দেবো হিব্রুতে এটি একটি কথার খেলা। হিব্রু শব্দটির অর্থ এটাও হয়, “একটা দেশকে ধ্বংস করা এবং তার লোকগুলিকে বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া।”

আমি অন্য জাতিদের কাছে তোমার নগ্ন দেহ দেখাবো।

ঐ রাজ্যগুলো তোমার লজ্জা দেখবে।

6আমি তোমার ওপর নোংরা জিনিষ ছুঁড়ে দেবো।

আমি তোমার সঙ্গে ঘৃণ্য আচরণ করবো।

লোকে তোমাকে দেখে হাসবে।

7তোমাকে দেখে প্রত্যেকেই চমকে উঠবে।

তারা বলবে, ‘নীনবী ধ্বংস হয়েছে।

কে তার জন্য কাঁদবে?’

আমি জানি, নীনবী তোমাকে সান্ত্বনা দেবার জন্য

কাউকে পাওয়া যাবে না।”

8নীনবী, তুমি কি নীল নদের কুলে অবস্থিত থীব্‌সের চেয়ে ভালো? না। থীব্‌সের চারদিকেও জল ছিল। থীব্‌স্ তার শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জলই ব্যবহার করত। আত্মরক্ষার দেওয়ালের মত সে সেই জল ব্যবহার করত। 9কূশ এবং মিশর থীবসকে অনেক সামর্থ্য যুগিয়েছিল। সুদান এবং লিবীয়া তাকে সমর্থন করেছিল। 10কিন্তু থীবস্ পরাজিত হয়েছিল। তার অধিবাসীদের বিদেশে কয়েদী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। রাস্তার প্রত্যেক মোড়ে সৈন্যরা নীনবীর ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলেছিল। তারা ঘুঁটি চেলে দেখেছিল কোন্ গণ্যমান্য ব্যক্তিদের কারা ক্রীতদাস করে রাখবে। তারা থীব্সের সব গণ্যমান্য ব্যক্তিদের শেকল দিয়ে বেঁধেছিল।

11সেজন্য নীনবী, মাতাল লোকদের মতো তোমারও পতন হবে। তুমি লুকোবার চেষ্টা করবে। শত্রুদের হাত থেকে নিজেকে দূরে রাখার জন্য তুমি একটি নিরাপদ স্থান খুঁজবে। 12কিন্তু নীনবী তোমার সমস্ত শক্তিশালী জায়গাগুলি ডুমুর গাছের মত হবে। নতুন ডুমুরগুলি যখন পাকে, একজন লোক আসে আর গাছটিকে নাড়া দেয়। ডুমুরগুলি সেই লোকটির মুখের মধ্যে গিয়ে পড়ে। সে সেগুলো খেয়ে ফেলে আর ডুমুরগুলো ঐখানেই শেষ।

13নীনবী, তোমার সব লোক যেন স্ত্রীলোকের মত এবং শত্রুপক্ষের সৈন্যরা তাদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তোমাদের দেশের দরজাগুলো শত্রুদের ঢুকে পড়ার জন্য প্রশস্তভাবে খোলা। ফটকগুলির আড়াআড়ি কাঠের গরাদগুলো পুড়ে গিয়েছিল।

14জল নিয়ে এসে তোমার নগরের ভেতর জমিয়ে রেখে দাও। কেন? কারণ শত্রুপক্ষের সৈন্যরা তোমার শহরের চারদিক ঘিরে ফেলবে। তারা কোন লোককে নগরের মধ্যে খাবার অথবা জল আনতে দেবে না। তোমার প্রতিরক্ষাগুলিকে আরো শক্তিশালী করে গড়ে তোলো। বেশি ইঁট বানানোর জন্য মাটি নাও। চূন, বালি, সুরকি মেশাও। ইঁট তৈরী করবার জন্য চুল্লী জোগাড় কর! 15তোমরা শুধু এসব কাজই করতে পারো, কিন্তু আগুন তোমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করবে। এবং তরবারিই তোমাদের হত্যা করবে। তোমাদের দেশটাকে এমন দেখাবে যেন পঙ্গপালের ঝাঁক এসে সব খেয়ে নিয়েছে।

নীনবী ফড়িংএর ঝাঁকের মত, পঙ্গপালের দলের মত বেড়ে চলেছিল। 16বহু ব্যবসায়ী লোক তোমার কাছে আছে যারা নানা জায়গায় গিয়ে জিনিষ কেনে। তারা যেন আকাশের নক্ষত্রের মত অসংখ্য। তারা যেন পঙ্গপালের মত, যারা খেতে আসে যে পর্যন্ত না সব শেষ হয়। তারপর তারা ছেড়ে যায়। 17এবং তোমার সরকারী কর্মকর্তারাও পঙ্গপালের মত। তারা ঠাণ্ডার দিনে পাথরের দেওয়ালে বসা পঙ্গপালের মত। যখন সূর্য উঠে পাথরগুলো গরম হয় তখন সব পঙ্গপালগুলো উড়ে যায় এবং কেউ জানে না তারা কোথায় যায়! তোমার সরকারী কর্মচারীরাও ঠিক ঐরকম।

18অশূরের রাজা, তোমার মেষপালকরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছে। সেইসব শক্তিশালী লোকরা ঘুমোচ্ছে এবং এখন তোমার মেষের দল (লোকরা) পর্বতের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাদের ফিরিয়ে আনার জন্য কোন লোকই নেই। 19নীনবী, তুমি খারাপভাবে আঘাত পেয়েছো। কোন কিছুই তোমার আঘাত সারাতে পারবে না। যারাই তোমার ধ্বংসের কথা শোনে, তারা হাততালি দেয়। তারা সবাই খুশী। কেন? কারণ তুমি সব সময় যে সব ব্যথা দিয়ে থাকো তা তারা সবাই অনুভব করেছে!