যিরমিয়র বিলাপ
1সর্বনাশ দেখে জেরুশালেমের কান্না
1হায় জেরুশালেম! এক কালে সে ছিল লোকে পরিপূর্ণ।
কিন্তু বর্তমানে শহরটি একেবারে জনশূন্য!
জেরুশালেম একদা বিশ্বের সেরা শহর ছিল।
কিন্তু এখন তার রূপ বিধবা মহিলার মতো।
একসময় সে+ 1:1 সে সমস্ত কবিতাটিতে জেরুশালেমকে আলংকারিকভাবে এক নারীরূপে বর্ণনা করা হয়েছে। ছিল অনেক শহরের মধ্যে রাণীর মতো।
কিন্তু এখন সে দাসে পরিণত।
2রাতে করুণ সুরে কাঁদে জেরুশালেম।
তার গাল বেয়ে অশ্রুধারা নামে।
সান্ত্বনা দেওয়ার মতো তার কেউ নেই।
অনেক প্রেমিক তার প্রতি বন্ধুভাবাপন্ন ছিল।
কিন্তু এখন তাকে সান্ত্বনা দেবার কেউ নেই।
তার সব বন্ধুরাই তাকে প্রতারণা করেছে।
বন্ধুরা এখন তার শত্রুতে পরিণত হয়েছে।
3যিহূদা ভীষণ রকমের শাস্তি ও যন্ত্রনা পেয়েছিল
এবং তারপর যিহূদাকে বন্দী করা হয়।
যিহূদা অন্য দেশে বাস করছে।
কিন্তু সে বিশ্রাম পাচ্ছে না।
লোকরা তাকে তাড়া করছে।
তাকে তারা সঙ্কীর্ণ উপত্যকাগুলির ওপর তাড়া করছে এবং তাকে ধরে ফেলছে।
4সিয়োনে যাবার পথঘাটগুলি শোকাহত।
কারণ উৎসব পালন করতে কেউ সিয়োনে আসছে না।
সিয়োনের প্রবেশ দ্বারগুলি ধ্বংস হয়ে গিয়েছে।
যাজকরা সেখানে গভীর দীর্ঘশ্বাস ফেলছে।
সিয়োনের যুবতী মেয়েরা হতবাক।
মোট কথা সে দুঃখে ভারাক্রান্ত।
5জেরুশালেমের শত্রুরা জয়ী হয়েছে।
তার শত্রুরা এখন নিয়ন্ত্রনাধীন।
তার বিপক্ষীরা আরামে বাস করে।
এটা ঘটেছে কারণ বহু পাপের জন্যই প্রভু তাকে শাস্তি দিয়েছেন।
তাঁর সন্তানরা চলে গিয়েছেন,
শত্রুরা তাদের বন্দী করে নিয়ে গিয়েছেন।
6সিয়োনের লোকদের সৌন্দর্য আর নেই।
তার নেতারা হরিণের মতো।
শক্তি না থাকলেও তারা ছুটে পালাচ্ছে।
কারণ অনেকেই তাদের ধরার জন্য তাড়া করছে।
7পুরানো দিনের কথা জেরুশালেম ভাবছে।
ভাবছে সেই সময়ের কথা
যখন সে যন্ত্রণা ভোগ করছিল এবং ছড়িয়ে পড়েছিল।
তার সমস্ত মূল্যবান জিনিষ হারানোর কথা।
পুরানো দিনের উল্লেখযোগ্য মধুর ঘটনার কথা।
শত্রুদের হাতে নিজের লোকদের
বন্দী হওয়ার কথাও সে স্মরণ করছে।
ধ্বংসের সময় শত্রুরা
তাকে দেখে উপহাস করেছিল।
সে সময় তাকে
সাহায্য করার কেউ ছিল না।
8জেরুশালেম দারুণ পাপ কাজ করেছে।
আর এই পাপের জন্যই সে এখন অশুদ্ধ।
অতীতে লোকরা তাকে সম্মান করত
কিন্তু এখন সেই সব লোকরাই তাকে ঘৃণা করে কারণ সে সম্মান হারিয়েছে।
এমন কি সে যন্ত্রণায় বিলাপ করে এবং দীর্ঘশ্বাস ফেলে
এবং নিজের দিক থেকেই মুখ ফিরিয়ে নেয়।
9তার অপরিচ্ছন্নতা, তার পোষাককে নোংরা করেছে।
এমন যে হতে পারে তা সে কখনও ভাবতেও পারেনি।
তার পতন বিস্ময়কর।
তাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই।
সে বলে, “হে প্রভু, দেখো আমি কিভাবে আঘাতপ্রাপ্ত!
দেখো আমার শত্রুরা নিজেদের কত বড় বলে মনে করে!”
10শত্রুরা তার হাত ধরে টানছে।
শত্রুরা তার সুন্দর জিনিসগুলি ছিনিয়ে নিয়েছে।
বিদেশী জাতির লোকরা তার উপাসনালয়ে ঢুকে পড়েছে।
অথচ প্রভু আপনি বলেছিলেন, আমাদের সমাজে যোগ দিতে পারবেন না!
11জেরুশালেমের সমস্ত জনগণ যন্ত্রণায় কাতরাচ্ছে।
প্রত্যেকেই খাদ্যের সন্ধানে লিপ্ত।
খাদ্যের জন্য তারা তাদের সমস্ত মূল্যবান বস্তু দিয়ে দিচ্ছে।
শুধুমাত্র বাঁচার জন্যই তারা এটা করছে।
জেরুশালেম বলছে, “হে প্রভু, আমার দিকে তাকান!
দেখুন লোকরা আমায় কত ঘৃণা করে!
12তোমরা যারা পাশ দিয়ে যাচ্ছ মনে হচ্ছে,
তাদের কাছে কিছুই নয়।
কিন্তু আমার দিকে তাকিয়ে দেখ,
আমার যন্ত্রণার মতো কি কোন যন্ত্রণা আছে?
আমার যে দুর্দশা হয়েছে এমন দুর্দশা কি আর আছে?
প্রভু আমায় যে শাস্তি দিয়েছেন সেই শাস্তির যন্ত্রণার মতো কি কোন যন্ত্রণা আছে?
তিনি তাঁর ভয়ঙ্কর ক্রোধের দিনে
আমাকে শাস্তি দিয়েছেন।
13প্রভু ওপর থেকে আগুন পাঠালেন।
ওই আগুন আমার হাড় ভেদ করে চলে গেল।
তিনি আমার চলার পথে একটি জাল বিছিয়ে দিয়ে
পথের চারিদিকে আমাকে ঘোরালেন।
তিনি আমাকে পরিত্যক্ত দেশে রূপান্তরিত করলেন।
আমি সারাদিন অসুস্থ।
14“তিনি আমার পাপগুলো
একটা যোয়ালের মত তাঁর হাত দিয়ে বেঁধে দিয়েছেন।
তিনি আমাকে দুর্বল করে দিয়েছেন।
তিনি আমাকে এমন লোকের হাতে সমর্পন করেছেন,
যাদের বিরুদ্ধে আমি দাঁড়াতে পারি না।
15প্রভু আমার অধীনস্থ সমস্ত শক্তিশালী সৈন্যদের সরিয়ে দিয়েছেন।
ঐসব সৈন্যরা শহরের মধ্যে ছিল।
তারপর প্রভু একটি উৎসব করলেন।
আমার যুবক সৈন্যদের হত্যা করার জন্য তিনি ঐসব তীর্থ যাত্রীদের পাঠালেন।
দ্রাক্ষারস তৈরীর জন্য যেমন একজন দ্রাক্ষা দলিত করে
তেমনিভাবে প্রভু তাঁর প্রিয়তম শহরকে+ 1:15 প্রিয়তম শহর আক্ষরিক অর্থে, “যিহূদার কুমারী কন্যা” জেরুশালেম শহরের একটি নাম। পিষে ফেলেছেন।
16“আমি এ সবের জন্য কাঁদলাম।
আমার দুচোখ বেয়ে অঝোরে জল গড়াতে থাকলো।
আমাকে শান্তি দেওয়ার, সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না।
এমন কেউ ছিল না যে আমাকে একটু স্বস্তি দিতে পারত।
শত্রুরা জয়লাভ করায় আমার সন্তানগণ
পরিত্যক্ত ভূমির মতো হয়ে উঠলো।”
17সিয়োন তার দুহাত বাড়িয়ে দিল
কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না।
প্রভু যাকোবের শত্রুদের শহর
ঘিরে ফেলার আদেশ দিলেন।
জেরুশালেম শত্রুদের কাছে
একটি অশুদ্ধ স্ত্রীলোক হয়ে পড়েছে।
18সে বলল, “আমি প্রভুর কথা শুনতে অস্বীকার করেছিলাম।
তাই প্রভুর অধিকার আছে আমাকে এমন শাস্তি দেওয়ার।
তাই জনগণ, তোমরা শোন!
আমার দুর্ভোগের দিকে তাকাও!
আমার যুবক যুবতীদের
নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছে।
19আমাকে যারা ভালোবাসতো তাদের আমি ডাকলাম।
কিন্তু ওরা আমায় ঠকালো।
আমার যাজকগণ ও প্রবীণ ব্যক্তিরা
এই শহরে মারা গেছে।
আমার যাজকগণ ও নেতারা যখন বেঁচে থাকার জন্য খাদ্যের সন্ধান করছিল
তখন তারা এই শহরে মারা যায়।
20“হে প্রভু, আমার দিকে তাকিয়ে দেখুন! আমি দুর্দশাগ্রস্ত!
আমি অন্তর থেকে বিপর্যস্ত, আমার মনে হচ্ছে যে আমার ভেতরে হৃদয়টা উল্টো হয়ে রয়েছে!
আমার এমন খারাপ লাগছে!
রাস্তায়, আমার ছেলেমেয়েদের তরবারি দিয়ে হত্যা করা হয়েছে।
মৃত্যুর পচা গন্ধ সর্বত্র ছড়িয়ে আছে!
21“আমার বিলাপ শুনুন!
আমাকে সান্তনা দেবার কেউ নেই।
আমার সমস্ত শত্রুরা আমার দুর্দশা সম্পর্কে শুনেছে।
তারা খুশী যে আপনি আমাকে এমন করেছেন।
আপনি বলেছিলেন যে শাস্তির একটা সময় থাকবে।
আপনি বলেছিলেন যে আপনি আমার শত্রুদের শাস্তি দেবেন।
এখন আপনি যে সবগুলো বলেছিলেন
সেগুলো করুন।
22“আমার শত্রুদের নিষ্ঠুরতার দিকে তাকিয়ে দেখুন।
তাহলে আমার জন্য আমার সঙ্গে আপনি যে রকম ব্যবহার করেছেন
সে রকম ওদের সঙ্গেও করতে পারবেন।
এরকম করুন কারণ আমি ক্রমাগতই বিলাপ করে যাচ্ছি।
এটা করুন কারণ আমার হৃদয় অসুস্থ।”
2প্রভু জেরুশালেম ধ্বংস করলেন
1দেখ, প্রভু সিয়োনের লোকেদের কেমন করে বাতিল করেছেন।
তিনি ইস্রায়েলের মহিমাকে আকাশ থেকে মাটিতে নিক্ষেপ করেছেন।
তাঁর ক্রোধের দিনে প্রভু তাঁর পাদানি অর্থাৎ মন্দিরের কথা পর্যন্ত মনে রাখেননি।
2প্রভু যাকোবের গোচারণ ভূমিগুলি ধ্বংস করেছেন।
তিনি সেগুলিকে নির্মম ভাবে ধ্বংস করেছেন।
ক্রোধের বশে তিনি যিহূদার দূর্গগুলি ধ্বংস করেছেন।
প্রভু যিহূদা রাজ্য এবং তার শাসকবর্গকে মাটিতে ছুঁড়ে ফেলেছেন।
তিনি যিহূদা রাজ্যকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন।
3প্রভু ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি ইস্রায়েলের সব শক্তি চূর্ণ করেছিলেন।
ইস্রায়েলের ওপর থেকে তিনি তাঁর দক্ষিণ হস্ত সরিয়ে নিয়েছিলেন।
তিনি এটা করেছিলেন যখন শত্রুরা এসেছিল।
যাকোবে তিনি লেলিহান আগুনের মত জ্বলেছিলেন।
তিনি ছিলেন একটি আগুনের মত
যা চতুর্দিক পুড়িয়ে দেয়।
4একজন শত্রুর মত প্রভু তাঁর ধনুক বেঁকিয়ে দিয়েছিলেন।
তিনি তাঁর দক্ষিণ হস্তে নিয়েছিলেন একটি তরবারি।
তিনি যিহূদার সমস্ত সুদর্শন লোকদের হত্যা করেছিলেন।
প্রভু তাদের হত্যা করলেন যেন তিনি তাদের শত্রু।
প্রভু তাঁর ক্রোধ অগ্নির মত
সিয়োনের গৃহগুলির উপর বর্ষণ করলেন।
5প্রভু একজন শত্রুর মত হয়ে উঠেছেন।
তিনি ইস্রায়েলকে গিলে ফেলেছেন।
তিনি তার সব প্রাসাদগুলি গিলে ফেলেছেন।
তিনি তার সব দুর্গগুলি গ্রাস করেছেন।
যিহূদার কন্যাতে (ইস্রায়েলে)
তিনি প্রভুতঃ দুঃখ এবং মৃতের জন্য অশ্রুপাত ঘটিয়েছিলেন।
6প্রভু নিজের তাঁবুটিকে
একটি বাগানের মতো উপড়ে ফেলেছিলেন।
তাঁকে উপাসনা করার জন্য লোকে যে স্থানে গিয়ে জড়ো হত
তিনি সেই স্থানটিও নষ্ট করে দিয়েছিলেন।
সিয়োনে প্রভু লোকদের বিশেষ সভাগুলির কথা
এবং বিশেষ বিশ্রামের দিনগুলি ভুলিয়ে দিয়েছিলেন।
প্রভু রাজা এবং যাজকদের বাতিল করে দিয়েছিলেন।
তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাদের বাতিল করেছিলেন।
7প্রভু তাঁর বেদীটি বাতিল করেছিলেন।
তিনি তাঁর উপাসনার পবিত্র স্থানটি বাতিল করেছিলেন।
জেরুশালেমের প্রাসাদের দেওয়ালগুলি
তিনি শত্রুদের ভূমিস্যাৎ করতে দিয়েছিলেন।
প্রভুর মন্দিরে শত্রুরা আনন্দে চিৎকার করছিল
যেন সেটা ছিল কোন এক ছুটির দিন।
8সিয়োনের লোকদের চারপাশে যে দেওয়াল ছিল
সেটা প্রভু ধ্বংস করবার পরিকল্পনা করেছিলেন।
দেওয়ালটি কোথা থেকে ভাঙতে হবে তা বোঝানোর জন্য
তিনি দেওয়ালে একটি মাপের দাগ কেটে ছিলেন।
তিনি নিজেকে ধ্বংসকার্য্য থেকে বিরত করেননি।
সব দেওয়ালগুলিকে তিনি দুঃখে কাঁদিয়ে ছিলেন।
সবগুলো একই সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।
9জেরুশালেমের ফটকগুলি মাটিতে ডুবে গিয়েছিল।
তিনি ফটকের স্তম্ভগুলি ধ্বংস করে চূর্ণ করেছিলেন।
তার রাজা এবং রাজপুত্ররা অন্য জাতির মধ্যে রয়েছে
তাদের জন্য আর কোন শিক্ষা নেই।
জেরুশালেমের ভাববাদীরাও প্রভুর কাছ থেকে আর কোন দিব্য দৃষ্টি পায় নি।
10সিয়োনের বয়োবৃদ্ধরা মাটিতে বসেন
তাঁরা শান্ত হয়ে মাটিতে বসে থাকেন।
তাঁরা তাঁদের মাথায় ধূলো ছড়ান
তাঁরা চটের বস্ত্র পরেন।
জেরুশালেমের যুবতী নারীরা দুঃখে
তাঁদের মাথা আভূমি নত করেন।
11আমার চোখ কেঁদে কেঁদে ক্লান্ত,
আমার অন্তর বিচলিত।
মনে হচ্ছে যেন আমার হৃদয়কে মাটিতে ফেলে দেওয়া হয়েছে।
আমার লোকরা ধ্বংস হয়েছে বলেই আমার এমন মনে হচ্ছে।
ছেলেমেয়েরা এবং শিশুরা অজ্ঞান হয়ে যাচ্ছে।
শহরের প্রকাশ্য চৌপাটিতে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে।
12সেই বালক-বালিকারা তাদের মায়েদের বলে,
“কোথায় আছে রুটি আর দ্রাক্ষারস?”
তারা মরে যেতে যেতে এই প্রশ্ন করে তারা তাদের মায়ের কোলে মারা যায়।
13জেরুশালেমের জনগণ, আমি কাদের সঙ্গে তোমাদের তুলনা করব?
সিয়োনের জনগণ, আমি কিসের সঙ্গে তোমাদের তুলনা করব?
আমি কেমন করে তোমায় স্বাচ্ছন্দ্য দেব?
তোমার ধ্বংস সমুদ্রের মতো বিশাল
মনে হয় না কেউ তোমায় সারিয়ে তুলতে পারবে!
14তোমার জন্য তোমার ভাববাদীদের দিব্যদর্শন হয়েছিল।
কিন্তু তাদের দিব্যদর্শনগুলি ছিল একেবারেই মূল্যহীন ও মিথ্যা।
তারা তোমার পাপের বিরুদ্ধে প্রচার করেনি,
তারা অবস্থার উন্নতি করার চেষ্টা করেনি,
তারা তোমার জন্য বার্তা প্রচার করেছিল
কিন্তু সেগুলি ছিল মিথ্যা বার্তা যা তোমাকে বোকা বানিয়েছিল।
15যেসব লোকরা রাস্তা দিয়ে যায়
তারা তোমায় দেখে বিস্ময়ে অভিভূত
এবং জেরুশালেমের লোকদের প্রতি হাততালি দেয়।
জেরুশালেমের কন্যার প্রতি তারা শিস্ দেয় আর মাথা নাড়ে।
তারা প্রশ্ন করে, “এই কি সেই শহর
যাকে লোকে বলত ‘নিখুঁত সুন্দর শহর’
এবং ‘সারা পৃথিবীর আনন্দ’?”
16তোমার সব শত্রুরা তোমায় পরিহাস করে
তারা তোমার প্রতি শিস্ দেয় ও দাঁত কিড়মিড় করে।
তারা বলে, “আমরা তাদের গিলে খেয়েছি!
আজ সত্যিই সেই দিন এসেছে যে দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম।
অবশেষে আমরা এটি ঘটতে দেখলাম।”
17প্রভু যা পরিকল্পনা করেছিলেন তাই করেছেন।
তিনি যা করবেন বলেছিলেন তাই করেছেন।
বহু পূর্ব থেকে তিনি যা আদেশ দিয়েছিলেন তাই করেছেন।
তিনি ধ্বংস করেছিলেন এবং তাঁর কোন দয়া ছিল না।
তোমার প্রতি যা ঘটেছিল তার দ্বারা তিনি তোমার শত্রুদের সুখী করেছিলেন।
তিনি তোমার শত্রুদের শক্তিশালী করেছিলেন।
18তুমি তোমার হৃদয় দিয়ে প্রভুর কাছে কেঁদে বল,
হে সিয়োন কন্যার দেওয়াল, নদীর মত অশ্রু গড়িয়ে পড়ুক!
দিনে এবং রাতে তোমার অশ্রু বয়ে যাক্।
তুমি থেমো না!
তোমার চোখকে স্থির থাকতে দিও না!
19ওঠ! রাত্রে চিৎকার করে কাঁদ।
রাত্রের প্রতিটি প্রহরের শুরুতে চিৎকার করে কাঁদ!
তোমার হৃদয়কে জলের মত ঢেলে দাও!
প্রভুর সামনে তোমার হৃদয়কে ঢেলে দাও!
প্রভুর কাছে প্রার্থনায় তোমার হাত তুলে ধর।
তাঁকে বল তোমার ছেলেমেয়েদের যেন বাঁচিয়ে রাখেন।
তাঁকে বল তোমার যে ছেলেমেয়েরা উপবাসে মূর্ছা যাচ্ছে তাদের যেন তিনি বাঁচিয়ে রাখেন।
শহরের রাস্তায় রাস্তায় তারা উপবাসে মূর্ছা যাচ্ছে।
20হে প্রভু, আমার দিকে তাকান!
আমার দিকে দেখুন যার সঙ্গে আপনি এভাবে আচরণ করেছেন!
আমাকে এই প্রশ্নটি করতে দিন: নারীদের কি সেই সন্তানদের খাওয়া উচিৎ যাদের তারা জন্ম দিয়েছে?
যাদের তারা আদর-যত্ন করেছে সেই ছেলেমেয়েদের কি নারীরা ভক্ষণ করবে?
প্রভুর মন্দিরে কি যাজক এবং ভাববাদীরা নিহত হবেন?
21যুবকরা এবং বৃদ্ধরা শহরের রাস্তার মাটিতে পড়ে আছে।
আমার যুবতী নারীরা এবং যুবকরা তরবারির আঘাতে নিহত।
প্রভু, আপনার ক্রোধের দিনে আপনি তাদের হত্যা করেছিলেন,
আপনি তাদের ক্ষমাহীনভাবে হত্যা করেছিলেন!
22আপনি চারদিক থেকে
সন্ত্রাসকে ডেকে এনেছিলেন।
আমার কাছে আসার জন্য আপনি সন্ত্রাসকে আমন্ত্রণ করেছিলেন
যেন সে একটি ছুটির দিন।
প্রভুর ক্রোধের সেই দিনে
কোন ব্যক্তিই রেহাই পায় নি।
যাদের আমি জন্ম দিয়েছি এবং লালন-পালন করেছি
তাদের আমার শত্রুরা হত্যা করেছে।
3যন্ত্রণার অর্থ
1আমি সেই মানুষ যে অনেক দুঃখ কষ্ট দেখেছে।
আমি তাকে দেখেছি
যে আমাদের লাঠি দিয়ে মেরেছিল!
2প্রভু আমাকে আলোয় নয়,
অন্ধকারে নিয়ে এলেন।
3প্রভু আমাকে সারা দিন ধরে তাঁর হাত দিয়ে মারধোর করেছেন।
তিনি আমাকে বারবার মারলেন।
4তিনি আমার চামড়া ও মাংস ছিঁড়ে ফেললেন।
তিনি হাড়গোড় ভেঙে দিলেন।
5প্রভু আমার বিরুদ্ধে তিক্ততা ও সমস্যার পাহাড় তৈরী করলেন।
তিনি আমার চারি দিকে তিক্ততার সমস্যাকে আনলেন।
6যারা দীর্ঘসময় থেকে মৃত তাদের মতো
তিনি আমাকে অন্ধকারে বসিয়ে রাখলেন।
7তিনি আমাকে অবরুদ্ধ করে রাখলেন।
তাই আমি বেরোতে পারলাম না, ভারী চেন দিয়ে তিনি আমাকে বেঁধে রাখলেন।
8এমনকি যখন আমি সাহায্যের জন্য চিৎকার করে কাঁদলাম
প্রভু আমার সেই প্রার্থনায় কর্ণপাত করেন নি।
9তিনি ভাঙা পাথর দিয়ে আমার বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন।
তিনি ঐ পথকে আঁকাবাঁকা করে দিয়েছেন।
10প্রভু যেন আমাকে আক্রমণ করতে উদ্যত এক ভাল্লুক।
তিনি যেন গুহায় লুকিয়ে থাকা এক সিংহ।
11প্রভু আমাকে আমার পথের বাইরে চালনা করলেন।
তিনি আমাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ধ্বংস করলেন।
12তিনি তাঁর ধনুক প্রস্তুত করে রাখলেন।
আমি তাঁর তীরের লক্ষ্য বস্তু হলাম।
13আমার পাকস্থলীতে তিনি আঘাত করলেন।
তিনি তাঁর তূনীর থেকে একটি তীর ব্যবহার করে আমাকে বিদ্ধ করলেন।
14লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র।
সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেয়ে গেয়ে তারা আমায় উপহাস করে।
15এই বিষ (শাস্তি) প্রভুই আমায় পান করতে দিয়েছেন।
তিনি এই তিক্ত পানীয় দিয়ে আমায় পূর্ণ করেছেন।
16তিনি আমায় কাঁকর খেতে বাধ্য করলেন।
তিনি আমায় নোংরায় ফেলে দিলেন।
17আমি ভাবলাম আর কখনও শান্তি পাবো না।
সমস্ত ভালো জিনিসের ভাবনা ভুললাম।
18নিজে নিজে বললাম,
“প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই।”
19আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে
ঘুরে বেড়ানো মনে রাখবেন।
যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন।
20সব দুঃখ কষ্টের কথা আমার ভালো ভাবেই মনে আছে
এবং আমি খুবই বিষন্ন।
21কিন্তু ঠিক তক্ষুনি, আমি অন্য কিছু ভাবি।
যখন আমি এরকম করে ভাবি, আমি কিছু আশা দেখতে পাই এবং আমার ভাবনাগুলি হল এইরকম:
22প্রভুর করুণা ও ভালোবাসা অসীম।
তাঁর দয়ার কোন শেষ নেই।
23প্রতিটি প্রভাতে নতুন নতুন ভাবে আপনি এটা প্রদর্শন করেন!
আপনি খুব নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত!
24আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু।
তাঁর ওপর আমার আস্থা আছে।”
25যে সব লোকরা প্রভুর জন্য অপেক্ষা করে, প্রভু তাদের প্রতি সদয় হন।
প্রভুর কাছে যারা সাহায্য চায় তাদের প্রতি প্রভু সদয়।
26নিজেকে রক্ষা করবার সব চেয়ে ভাল উপায় হল
শান্তভাবে প্রভুর অপেক্ষায় থাকা।
27কোন ব্যক্তির পক্ষে ছোট বেলা থেকেই
যোয়াল বহন করা ভালো।
28প্রভু যখন তাঁর যোয়াল বা বাঁক কোন ব্যক্তির ওপর রাখেন
তখন শান্তভাবে একাকী তার বসে থাকা উচিত।
29উদ্ধার পাবার আশায়
তাকে তার মুখ আভূমি নত করতে হবে।
30ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত।
ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া।
31ওই ব্যক্তির মনে রাখা উচিত
যে প্রভু কাউকেই চিরকালের জন্য পরিত্যাগ করেন না।
32প্রভু যখন শাস্তি দেন তখন তিনি ক্ষমাও করেন।
এই ক্ষমা তাঁর গভীরে ভালবাসা আর করুণা থেকেই আসে।
33প্রভু কাউকে শাস্তি দিতে চান না।
লোকরা অশান্তিতে থাকুক এটাও তিনি চান না।
34প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না।
তিনি কাউকে পেষণ করতে চান না।
35একজন অন্যের প্রতি অন্যায় করুক এটা তিনি কখনও চান না।
কিন্তু কিছু মানুষ সব সময়ই পরাৎপরের সামনে এরকম কাজ করে।
36একজন ব্যক্তি আর একজনকে আদালতে প্রতারণা করুক
এটা প্রভু একেবারে পছন্দ করেন না।
37কোন লোকেরই কিছু বলা এবং সেটা ঘটানো উচিত নয়
যতক্ষণ না প্রভু তা ঘটানোর আদেশ দেন।
38পরাৎপর ভালো ও মন্দ
দুইই ঘটাতে আজ্ঞা দেন।
39যখন কাউকে পাপের জন্য প্রভু শাস্তি দেন,
তখন সে জীবিত অবস্থায় অভিযোগ জানাতে পারে না।
40এসো, আমরা কি করেছি তা সতর্কভাবে পরীক্ষা করি।
তারপর আমরা প্রভুতে আশ্রয় নেব।
41স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয়
এবং আমাদের হাত উত্তোলন করা উচিৎ।
42এসো তাঁর উদ্দেশ্যে বলি, “আমরা পাপ করেছি এবং আমরা অবাধ্য হয়েছিলাম।
আপনি আমাদের ক্ষমা করেননি।”
43আপনি আমাদের ক্রোধ দিয়ে মুড়ে দিয়েছেন এবং আমাদের তাড়িয়ে দিয়েছেন।
কোন রকম ক্ষমা না করেই হত্যা করেছেন!
44মেঘের আবরণে আপনি নিজেকে ঢেকেছেন।
এর কারণ, যাতে কোন প্রার্থনাই মেঘের মধ্যে দিয়ে যেতে না পারে।
45অন্য জাতিদের কাছে আপনি আমাদের
আবর্জনা ও ময়লার মতো সৃষ্টি করেছেন।
46আমাদের সমস্ত শত্রুরা
আমাদের ঠাট্টা করেছে।
47আমরা ভয় পেয়েছি।
গভীর গর্তে পড়ে আমরা দারুণ আঘাত পেয়েছি।
আমাদের সব কিছু ভেঙেছে।
48আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে!
আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!
49যতক্ষণ পর্যন্ত না
প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন
50ততক্ষণ অবিশ্রান্ত ভাবে
আমার চোখের জল বয়ে যাবে!
51আমার দুটি চোখ আমায় বিমর্ষ করে তোলে
যখন আমি আমার শহরের যুবতীদের দুর্দশা দেখি।
52ওই মানুষগুলো অকারণে আমার শত্রু।
আমার শত্রুরা আমাকে বিনা কারণে পাখির মতো শিকার করেছে।
53তারা আমায় গভীর গর্তে নিক্ষেপ করেছে।
আমি জীবিত আছি জেনেও তারা আমার দিকে পাথর ছুঁড়ছে।
54জল আমার মাথা ছাপিয়ে গেল।
আমি মনে মনে বললাম, “আমি শেষ হয়ে গিয়েছি।”
55প্রভু, আমি গর্তের তলা থেকে আপনাকে ডেকেছি।
আপনার নাম ধরে চিৎকার করে ডেকেছি।
56আমার কণ্ঠস্বর শুনুন।
আপনার কান বন্ধ করে রাখবেন না।
আমাকে উদ্ধার করতে অস্বীকার করবেন না।
57আমি যখন আপনার কাছে মিনতি করব তখন আমার কাছে আসবেন!
আমাকে বলবেন, “ভয় পেও না।”
58প্রভু আমার আবেদনটা বিচার করুন।
আমাকে আমার জীবন ফিরিয়ে দিন।
59প্রভু, আমার দুর্দশা দেখুন।
আমায় ন্যায় পেতে সাহায্য করুন।
60আমার শত্রুরা কিভাবে
আমাকে আঘাত করেছে তা দেখুন।
আমার বিরুদ্ধে ওদের সমস্ত শয়তানি
পরিকল্পনাগুলি সম্পর্কে আপনি অবহিত।
61প্রভু, ওরা কিভাবে আমাকে অপমান করেছে তা শুনুন।
আমার বিরুদ্ধে ওদের সমস্ত শয়তানি পরিকল্পনার কথা শুনুন।
62শত্রুদের কথা এবং তাদের সমস্ত পরিকল্পনা
সব সময়ই আমার বিরুদ্ধে।
63যখন ওরা বসে কিংবা দাঁড়ায় তখনও আমায় নিয়ে
ওরা কিভাবে মজা করে তাও দেখুন, প্রভু!
64প্রভু, ওরা যা করেছে তার জন্য
ওদের প্রাপ্য শাস্তি দিন!
65ওদের হৃদয়কে অনমনীয় করে দিন!
তারপর আপনার অভিশাপ ওদের উপর বর্ষণ করুন!
66ক্রোধে তাদের তাড়া করুন!
আপনার আকাশের নীচে তাদের ধ্বংস করুন প্রভু!
4জেরুশালেম আক্রমণের ভয়াবহতা
1দেখো, সোনা কিভাবে কৃষ্ণবর্ণ হয়েছে।
দেখো, দামী সোনার কি পরিবর্তন।
চারিদিকেই মন্দিরের পাথরগুলো ইতস্ততঃ ছড়িয়ে আছে।
তাদের রাস্তার প্রতিটি কোণে বিক্ষিপ্ত করা হয়েছে।
2সিয়োনের লোকরা খুব মূল্যবান ছিল।
তারা একসময় সোনার মতোই মূল্যবান ছিল।
শত্রুরা তাদের কুমোরদের তৈরী
মাটির পাত্রের মত ব্যবহার করে।
3এমনকি শিয়ালও তার শাবকদের স্তন পান করায়।
কিন্তু আমার লোকরা খুব নিষ্ঠুর হয়ে উঠেছে।
তারা মরুভূমিতে থাকা উট পাখীর মতো।
4তৃষ্ণায় ছোট্ট শিশুর জিভটা মুখে আটকে পড়েছে।
ছেলেমেয়েরা খাবার চাইছে।
কিন্তু কেউই তাদের খাবার দেয় না।
5এক সময় যারা খুব দামী দামী খাবার খেয়েছে,
এখন তারাই খিদের জ্বালায় রাস্তায় মরছে।
সুন্দর লাল পোশাক পরে যারা এমশঃ বড় হয়েছে,
তারাই এখন খাদ্যের সন্ধানে আবর্জনার স্তুপ ঘেঁটে ফিরছে।
6তাদের পাপ কার্যের জন্য
আমার লোকদের শাস্তি সদোমের পাপের
কারণে শাস্তির চেয়েও বড় হয় গেছে।
সদোম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কারণ ঐ জায়গার লোকরা পাপী হয়ে উঠেছিল।
সদোমকে হঠাৎ ধ্বংস করা হয়েছিল।
কোন মানুষ ঐ ধ্বংস কার্য ঘটায়নি।
7সিয়োনের নেতারা বরফের চেয়েও পরিষ্কার ছিল।
দুধের থেকেও সাদা।
প্রবালের মত ছিল তাদের গায়ের রঙ।
তাদের দাড়ি ছিল নীলকান্ত মণির মতো।
8কিন্তু এখন তাদের মুখ ঝুলের থেকেও কালো।
রাস্তায় বার হলে কেউ তাদের চিনতে পর্যন্ত পারে না।
তাদের চামড়াগুলি হাড়ের ওপর ঝুলছে
এবং কাঠের মত শুকিয়ে গেছে।
9দুর্ভিক্ষে মরার চেয়ে তরবারির আঘাতে মরা ভাল।
অনাহারে থাকা জনগণ ভীষণ অবসন্ন।
তারা আহত।
শস্যক্ষেত্র থেকে তারা কোন ফসল পায় নি তাই খাদ্যের অভাবে তারা মারা গিয়েছে।
10এমনকি, সমস্ত সুন্দরী মায়েরা
তাদের সন্তানদেরই খাদ্যের মতো রান্না করেছে।
ওই শিশুগুলি তাদের মায়েদের খাদ্য হয়ে উঠেছিল।
আমার লোকদের ধ্বংসের সময় এটা ঘটেছিল।
11প্রভু, তাঁর সমস্ত ক্রোধ ব্যবহার করেছেন।
তিনি ক্রোধের আগুন সিয়োনে নিক্ষেপ করেছেন।
ওই আগুন সিয়োনকে
পুড়িয়ে ছারখার করে দিয়েছে।
12পৃথিবীর রাজারা এই ঘটনার কথা
বিশ্বাস করতে পারেন নি।
যা ঘটেছিল বিশ্বের মানুষরা
তা বিশ্বাস করতে পারে নি।
তারা বিশ্বাস করতে পারেনি যে
জেরুশালেম শহরের প্রধান ফটক দিয়ে শত্রুরা ঢুকতে সক্ষম হবে।
13কিন্তু এটাই ঘটেছে
কারণ জেরুশালেমের ভাববাদীরা পাপ কাজ করেছে।
এটা ঘটেছে কারণ জেরুশালেমের যাজকরা পাপ কাজ করেছে।
ঐসব লোকরা জেরুশালেম শহরে ভাল মানুষদের হত্যা করেছে।
14তারা অন্ধের মত শহরের রাস্তায় রাস্তায় ঘুরেছে।
রক্তপাতে তারা নোংরা হয়েছে।
তারা এতো নোংরা ছিল যে
তাদের জামাকাপড়ও কেউ স্পর্শ করে নি।
15চলে যাও! তোমরা অশুচি।
লোকরা চিৎকার করে বলছিল, “দূর হয়ে যাও!
দূর হয়ে যাও! আমাদের স্পর্শ কোরো না।”
ঐ লোকরা এদিক ওদিক ঘুরে বেড়িয়েছে কিন্তু কোন ঘরেই আশ্রয় পায়নি।
অন্য দেশের লোকরা বলেছে, “আমরা ওদের বাঁচতে দিতে চাই না।”
16প্রভু স্বয়ং ওদের ধ্বংস করেছেন।
তিনি ওদের আর দেখাশোনা করতে পারছিলেন না।
তিনি যাজকদের শ্রদ্ধা করতে পারেন নি।
তিনি যিহূদার বয়স্ক মানুষদের প্রতি বন্ধুভাবাপন্ন ছিলেন না।
17সাহায্য চেয়ে চেয়ে আমরা চোখ নষ্ট করে ফেলেছি।
কিন্তু কোন সাহায্য আসে নি।
আমরা একটা জাতির খোঁজ করেছিলাম যারা আমাদের রক্ষা করতে পারবে।
আমরা আমাদের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে নজর রেখেছিলাম
কিন্তু কোন জাতিই আমাদের রক্ষা করতে আসেনি।
18শত্রুরা সবসময় আমাদের খুঁজে ফিরেছে।
আমরা পথেঘাটে বেরোতে পর্যন্ত পারিনি।
আমাদের শেষ সময় ঘনিয়ে এসেছিল।
আমাদের সময় ফুরিয়ে গিয়ে শেষ সময় ঘনিয়ে এল।
19যে মানুষটা আমাদের তাড়া করেছিল
তার গতিবেগ আকাশে উড়তে থাকা ঈগলের থেকেও বেশী।
ওই লোকগুলো আমাদের ধরবার জন্য পাহাড়ে তাড়া করেছিল
এবং আমাদের হঠাৎ আক্রমণ করবার জন্য মরুভূমিতে লুকিয়ে থেকেছিল।
20রাজা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন।
তিনি আমাদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ছিলেন।
কিন্তু সেই প্রিয় রাজাকেও ওরা ফাঁদে ফেলল।
রাজাকে প্রভুই ফাঁদে অভিষিক্ত করেছিলেন।
যে রাজার সম্বন্ধে বলতাম, “আমরা রাজার ছায়াতেই বাঁচব।
তিনি অন্য জাতির হাত থেকে আমাদের রক্ষা করবেন।”
21ইদোমের জনগণ, সুখী হও।
ইদোমের লোকরা তোমরা যারা উসে থাকো, সুখী হও।
কিন্তু মনে রেখো প্রভুর পানপাত্র তোমারও চারিদিক ঘিরে আসবে।
যখন তুমি সেই পানপাত্রে চুমুক দেবে (শাস্তি পাবে), তখন তুমি মাতাল হবে।
তুমি সেই সময় নিজেকে উলঙ্গ করে ফেলবে।
22সিয়োন, তোমার শাস্তি সম্পূর্ণ।
তোমাকে আর বন্দী করে রাখা হবে না।
কিন্তু ইদোমের জনগণ, প্রভু তোমাদের পাপের শাস্তি দেবেন।
তিনি তোমাদের পাপের মুখোশ খুলে দেবেন।
5প্রভুর কাছে প্রার্থনা
1আমাদের কি ঘটেছে তা স্মরণ করুন প্রভু।
দেখুন আমরা কতটা লজ্জিত।
2আগন্তুকরা এসে আমাদের মাতৃভূমি তছনছ করেছে।
আমাদের ঘরবাড়ি বিদেশীদের দিয়ে দেওয়া হয়েছে।
3আমরা অনাথ হয়েছি।
আমাদের পিতা নেই।
মায়েদের বিধবার মতো অবস্থা।
4পানীয় জলও আমাদের কিনে খেতে হয়।
যে কাঠ আমরা ব্যবহার করি তার জন্যও মূল্য দিতে হয়।
5যোয়ালটি কাঁধের ওপর নিতে আমরা বাধ্য হয়েছি।
আমাদের কোনও বিশ্রাম নেই এবং আমরা ক্লান্ত, পরিশ্রান্ত।
6মিশরের সঙ্গে আমরা একটি চুক্তি করেছি।
যথেষ্ট পরিমাণে রুটি পাওয়ার জন্য অশূরদের সঙ্গেও আমরা একটা চুক্তি করেছি।
7আমাদের পূর্বপুরুষরা তোমার বিরুদ্ধে পাপ করেছিল।
কিন্তু তারা এখন মৃত।
তাদের সেই পাপের শাস্তি এখনও আমাদের ভোগ করতে হচ্ছে।
8দাসরাই এখন আমাদের শাসক।
কেউই ওদের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে নি।
9আমরা খাদ্যের জন্য জীবন দিই।
মরুভূমি আমাদের মেরে ফেলে।
10আমাদের চামড়া উনুনের মতো গরম হয়ে পড়েছে।
ক্ষুধার জ্বালায় প্রচণ্ড জ্বর এসেছে।
11শত্রুরা সিয়োনের মেয়েদের ধর্ষণ করেছে।
তাদের কাছে যিহূদার কুমারী কন্যারাও আছে।
12শত্রুরা আমাদের রাজপুত্রদের ফাঁসি দিয়েছে।
তারা প্রবীণদের সম্মান দেয় নি।
13শত্রুরা আমাদের যুব সম্প্রদায়কে
শস্য পেষাই করতে বাধ্য করেছে।
তারা যুবকদের ভারী কাঠের গুঁড়ি
বইতে জোর করেছে।
14শহরের প্রবেশদ্বারে প্রবীণরা আর বসে না।
যুবকরা আর গান বাজনা করে না।
15আমাদের হৃদয়ে আর আনন্দ নেই।
আমাদের নাচ অশ্রু জলে রূপান্তরিত হয়েছে।
16মাথা থেকে আমাদের মুকুট খুলে পড়ে গেছে।
সমস্ত কিছু এমশঃ খারাপ হয়ে উঠেছে।
এসব হচ্ছে আমাদের পাপের জন্যই।
17এসব কারণে আমরা চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি না।
আমাদের হৃদয়ও দুর্বল হয়ে পড়েছে।
18সিয়োন পর্বত এখন এক পরিত্যক্ত জায়গা।
শিয়ালের অবাধ বিচরণভূমি।
19কিন্তু প্রভু আপনি চিরকাল রাজত্ব করেন।
আপনার রাজকীয় সিংহাসন যুগ যুগ ধরে অটুট থাকে।
20প্রভু! মনে হচ্ছে আপনি একেবারেই আমাদের ভুলে গিয়েছেন।
মনে হচ্ছে দীর্ঘ সময় আপনি আমাদের একাকী ফেলে দূরে আছেন।
21প্রভু, আমাদের আপনার কাছে ফিরিয়ে দিন।
আমরা আনন্দের সঙ্গে ফিরে আসতে চাই আপনার কাছে।
আবার আগের মতো জীবনযাপন করতে চাই।
22আমাদের ওপর আপনি প্রচণ্ড ক্রুদ্ধ।
আপনি কি আমাদের সম্পুর্ণ বাতিল করেছেন?