হোশেয় ভাববাদীর পুস্তক
1হোশেয়র মাধ্যমে প্রভু ঈশ্বরের বার্তা
1প্রভুর এই বার্তাটি বেরির পুত্র হোশেয়র কাছে এসেছিল। উষিয়, যোথম, আহস এবং হিষ্কিয়—এরা যখন যিহূদার রাজা, সেই সময় এই বার্তাটি এসেছিল। এই সময় যোয়াশের পুত্র যারবিয়াম ইস্রায়েলের রাজা ছিলেন।
2হোশেয়র কাছে এটাই ছিল প্রভুর প্রথম বার্তা। প্রভু বলেছিলেন, “যাও, একজন পতিতাকে বিয়ে কর যার বেশ্যাবৃত্তির দরুন সন্তান হয়েছে। কেন? কারণ এদেশের লোকরা পতিতাদের মতোই ব্যবহার করেছে। তারা প্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছে।”
যিষ্রিয়েলের জন্ম
3সেজন্য হোশেয় দিব্লায়িমের কন্যা গোমরকে বিয়ে করল। গোমর গর্ভবতী হল এবং হোশেয়কে একটি পুত্র উপহার দিল। 4প্রভু হোশেয়কে বললেন, “তার নাম যিষ্রিয়েল রাখো। কেন? কারণ কিছুক্ষণের মধ্যে আমি যিষ্রিয়েলের উপত্যকাতে রক্তপাতের জন্য যেহূর পরিবারকে শাস্তি দেব। তারপর আমি ইস্রায়েলের রাজ্যকে ধ্বংস করব। 5এবং সেই সময়ে, যিষ্রিয়েল উপত্যকায় ইস্রায়েলের ধনুক ভাঙ্গব।”
লো-রুহামার জন্ম
6তারপর গোমর আবার গর্ভবতী হলো এবং একটি কন্যা সন্তানের জন্ম দিল। প্রভু হোশেয়কে বললেন, “তার নাম লো-রুহামা রাখো। কেন? কারণ আমি ইস্রায়েল দেশকে ক্রমাগত ক্ষমা করতে পারব না। আমি আর তাদের ক্ষমা করতে থাকব না। 7কিন্তু আমি যিহূদা জাতির প্রতি করুণা দেখাব। আমি যিহূদা জাতিকে রক্ষা করবো। আমি তাদের রক্ষা করার জন্য ধনুক অথবা তরবারি ব্যবহার করব না। আমি তাদের রক্ষা করার জন্য যুদ্ধের ঘোড়া অথবা সৈন্য ব্যবহার করব না। আমি আমার নিজের ক্ষমতা বলে তাদের রক্ষা করব।”
লো-অম্মির জন্ম
8লো-রুহামার লালন-পালন শেষ করার পর, গোমর আবার গর্ভবতী হল। সে একটি শিশু পুত্রের জন্ম দিল। 9তখন প্রভু বললেন, “তার নাম লো-অম্মি রাখো। কেন? কারণ তোমরা আমার লোক নও। আমি তোমাদের ঈশ্বর নই।”
প্রভু ঈশ্বর প্রতিশ্রুতি করেছেন যে ইস্রায়েলীয়দের সংখ্যা বৃদ্ধি পাবে
10“ভবিষ্যতে, ইস্রায়েল জাতির লোকসংখ্যা সমুদ্রের বালির মতো অসংখ্য হবে। তুমি বালি পরিমাপ করতে পার না অথবা তার সংখ্যা গুনতেও পার না। তখন এটা যেখানে তাদের বলা হয়েছিল, ‘তোমরা আমার লোক নও,’ সেই জায়গাতেই তাদের বলা হবে, ‘তোমরা জীবন্ত ঈশ্বরের সন্তান।’
11“তখন যিহূদাবাসী এবং ইস্রায়েলবাসীরা একত্রিত হবে। তাদের মধ্যে থেকে তারা একজন শাসককে নির্ধারণ করবে। এবং ঐ দেশের ভূখণ্ডের জন্য তাদের জাতি হবে অনেক বড়!+ 1:11 ঐ দেশের … বড় আক্ষরিক অর্থে, “তারা ভূখণ্ড থেকে বেড়ে উঠবে।” যিষ্রিয়েলের দিন সত্যই মহৎ হবে।”
21“তখন তোমরা তোমাদের ভাইদের বলবে, ‘তোমরা আমার লোক।’ এবং তোমরা তোমাদের বোনেদের বলবে, ‘তিনি তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করেছেন।’”
2“তোমার মায়ের সঙ্গে তর্ক কর। তর্ক কর! কেন? কারণ সে আমার স্ত্রী নয়! আমি তার স্বামী নই! তাকে বেশ্যার মত হতে বারণ কর। তার স্তন দুটির মধ্য থেকে তার প্রেমিকদের সরিয়ে নিতে বল। 3যদি সে তার ব্যভিচার বন্ধ করতে অস্বীকার করে, তাহলে আমি তার সাজপোশাক খুলে তাকে নগ্ন করে দেব। তার জন্মের দিনে সে যেমন ছিল সেই অবস্থায় আমি তাকে ত্যাগ করব। আমি তার লোকদের নিয়ে যাব এবং সে জনহীন শুষ্ক মরুভূমির মতো হয়ে যাবে। তৃষ্ণায় যাতে সে মরে আমি সেই ব্যবস্থা করব। 4আমি তার সন্তানদের প্রতি কোন রকম করুণা করব না। কারণ তারা পতিতার সন্তান। 5তাদের মা পতিতার মতো ব্যবহার করে। তার কাজের জন্য তাদের মায়ের লজ্জা পাওয়া উচিত। সে বলেছিল, ‘আমি আমার প্রেমিকদের কাছে যাব। আমার প্রেমিকরা আমাকে খাবার এবং জল দেয়। তারা আমাকে পশম এবং সিল্কের কাপড় দেয়। তারা আমাকে দ্রাক্ষারস এবং জলপাই তেল দেয়।’
6“সেজন্য আমি (প্রভু) তোমার (ইস্রায়েলের) রাস্তা কাঁটা দিয়ে আটকে দেব। আমি একটি দেওয়াল তৈরী করব। তখন সে আর তার পথ খুঁজে পাবে না। 7সে তার প্রেমিকদের পেছনে ছুটবে, কিন্তু তাদের ধরতে সমর্থ হবে না। সে তার প্রেমিকদের খুঁজে বেড়াবে, কিন্তু তাদের খুঁজে পাবে না। তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর (ঈশ্বর) কাছে ফিরে যাব। যখন আমি তাঁর সঙ্গে ছিলাম তখন আমার জীবনটা খুবই ভাল ছিল। এখনকার চেয়ে তখন জীবনটা খুবই ভালো ছিল।’
8“সে (ইস্রায়েল) জানত না যে আমিই হচ্ছি সেই প্রভু যে তাকে শস্য, দ্রাক্ষারস এবং তেল দিতাম। আমি তাকে অনেক বেশী করে রূপো এবং সোনা দিয়ে গেছি। কিন্তু ইস্রায়েলবাসীরা বালের মূর্ত্তি করার সময় ওই সব রূপো এবং সোনা ব্যবহার করেছিল। 9সেজন্য আমি (ঈশ্বর) ফিরে আসব। ফসল কাটার সময়ে আমি আমার শস্য-কণাগুলিকে ফিরিয়ে নেব। দ্রাক্ষাগুলো তৈরি হবার সময়ে আমি আমার দ্রাক্ষারস ফিরিয়ে নেব। আমি আমার পশম এবং মসীনা বস্ত্রও নিয়ে নেব। সে যাতে তার নগ্ন দেহ আচ্ছাদিত করতে পারে সেজন্য আমি তাকে ওই জিনিসগুলি দিয়েছিলাম। 10এখন আমি তার সাজ-পোশাক খুলে দেব। সে নগ্ন হবে—যাতে তার সব প্রেমিকরা তাকে দেখতে পায়। আমার শক্তির আওতা থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। 11আমি (ঈশ্বর) তার সব আমোদ কেড়ে নেব। আমি তার ছুটি, তার অমাবস্যার উৎসব, তার বিশ্রামের দিনগুলিকে থামিয়ে দেব। তার সব বিশেষ ভোজন উৎসবগুলোকে থামিয়ে দেব। 12আমি তার দ্রাক্ষা এবং ডুমুর গাছগুলোকে ধ্বংস করব। সে বলেছিল, ‘আমার প্রেমিকরা এই জিনিসগুলো দিয়েছিল।’ কিন্তু আমি তার বাগানগুলোকে বদলে দেব। বাগানগুলো গভীর জঙ্গলে পরিণত হবে। বন্য পশুরা আসবে এবং ওই জঙ্গলের গাছপালা থেকেই আহার সংগ্রহ করবে।
13“সে বাল-দের পরিচর্যা করেছিল। সেজন্য আমি তাকে শাস্তি দেব। সে বাল-দের ধূপ নিবেদন করেছিল। সে নিজেকে অলঙ্কার ও নাকের গয়না দিয়ে সাজিয়ে ছিল। তারপর সে তার প্রেমিকদের কাছে গিয়েছিল এবং আমাকে ভুলে গিয়েছিল।” প্রভু এই কথাগুলো বলেছেন।
14“সুতরাং আমি (প্রভু) তার সঙ্গে কল্পনাপ্রসূত কথা বলব। আমি তাকে মরুভূমির দিকে নিয়ে যাব এবং সেখানে তার সঙ্গে নরম সুরে কথা বলব। 15সেখানে আমি তাকে দ্রাক্ষার ক্ষেতগুলি দেব। আমি তাকে আশার তোরণ হিসাবে আখোর উপত্যকা দেব। তখন সে তার যৌবনকালে যেমনভাবে আমার সঙ্গে কথা বলত এবং সে যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল সেই ভাবে আমার সঙ্গে কথা বলবে।” 16প্রভু এই কথাগুলি বলেছেন।
“সেই সময়ে তুমি ‘আমার স্বামী’ বলে আমাকে সম্বোধন করবে। তুমি আমাকে ‘আমার বাল’ বলে ডাকবে না। 17আমি তার মুখ থেকে বাল-দের নাম কেড়ে নেব। তখন লোকে আর বালের নাম উচ্চারণ করবে না।
18“সেই সময়, আমি ইস্রায়েলীয়দের জন্য মাঠের জন্তুদের সঙ্গে, আকাশের পক্ষীসমূহের সঙ্গে এবং মাটিতে হামাগুড়ি দেওয়া প্রাণীদের সঙ্গে একটি চুক্তি করব। আমি যুদ্ধের ধনুক, তরবারি এবং অস্ত্র-শস্ত্র ভেঙে দেব। দেশের মধ্যে কোন অস্ত্র-শস্ত্রই পড়ে থাকবে না। আমি দেশটাকে বিপদমুক্ত করব, যাতে ইস্রায়েলের লোক শান্তিতে ঘুমোতে পারে। 19এবং আমি (প্রভু) চিরকালের জন্য তোমাকে আমার নববধূ করব। আমি ধার্মিকতায়, ন্যায়বিচারে, প্রেমে ও কৃপায় তোমাকে আমার নববধূ হিসাবে তৈরি করব। 20আমি তোমাকে আমার বিশ্বস্ত নববধূ হিসাবে তৈরি করব। তখন তুমি প্রভুকে যথার্থভাবে জানতে পারবে। 21এবং সেই সময়ে, আমি উত্তর দেব।” প্রভু এই কথাগুলো বলেছেন।
“আমি আকাশের সঙ্গে কথা বলব,
এবং তারা পৃথিবীতে বৃষ্টি এনে দেবে।
22পৃথিবী ভুট্টা, দ্রাক্ষারস এবং তেল উৎপাদন করবে।
তারা যিষ্রিয়েলের প্রয়োজন মেটাবে।
23আমি তার জমিতে বহু বীজ বপন করব।
লো-রুহামাকে আমি কৃপা দেখাবো।
লো-অম্মিকে, আমি বলব, ‘তুমি আমার লোক’
এবং তারা আমাকে বলবে,
‘আপনি আমাদের ঈশ্বর।’”
3হোশেয় গোমরকে দাসত্ব থেকে কিনে আনলেন
1তখন প্রভু আবার আমাকে বললেন, “গোমরের অনেক প্রেমিক আছে কিন্তু তোমাকে অবশ্যই তাকে ভালোবেসে যেতে হবে। কেন? কারণ সেটা প্রভুর মতোই কাজ। প্রভু ইস্রায়েল জাতিকে ভালবেসেই যাচ্ছেন কিন্তু তারা অন্য দেবতাদের পূজা করেই চলেছে। তারা কিশ্মিশের পিঠে খেতে ভালবাসে।”
2সেজন্য আমি গোমরকে 6 আউন্স রূপো এবং 9 বুশেল বার্লি দিয়ে কিনে নিলাম। 3তারপর আমি তাকে বললাম, “তোমাকে অবশ্যই অনেক দিনের জন্য আমার সঙ্গে থাকতে হবে। পতিতার মতো আচরণ কোরো না। তুমি অন্য মানুষদের সঙ্গেও থাকতে পারবে না এবং আমি তোমার স্বামী হব।”
4একইভাবে, ইস্রায়েলবাসীরা রাজা অথবা নেতাদের ছাড়াই বহুদিন কাটাবে। তাদের উৎসর্গ অথবা স্মরণ স্তম্ভ থাকবে না। তারা যাজকদের বিশেষ পোশাক এফোদ অথবা গৃহদেবতা ছাড়াই থাকবে। 5এরপর ইস্রায়েলবাসীরা ফিরে আসবে। তারপর তারা তাদের প্রভু, তাদের ঈশ্বর এবং দায়ূদ, তাদের রাজার খোঁজে যাবে। শেষের দিনগুলিতে, তারা প্রভুকে এবং তাঁর ধার্মিকতাকে সম্মান দেবার জন্য আসবে।
4ইস্রায়েলের উপর প্রভু ক্রুদ্ধ
1ইস্রায়েলবাসীরা, প্রভুর বার্তা শোন! যেসব লোকরা এই দেশে বাস করছে প্রভু তাদের বিরুদ্ধে নিজের যুক্তিগুলো বলবেন, “এই দেশের লোকরা সত্যই ঈশ্বরকে জানে না। লোকরা ঈশ্বরের কাছে বিশ্বস্ত এবং অনুগতও নয়। 2লোকরা দিব্যি দেয়, মিথ্যা বলে, খুন এবং চুরি করে। তারা ব্যভিচারমূলক পাপ কাজ করে আর তাদের বাচ্চা রয়েছে। লোকরা বারে বারে খুন করে। 3মৃতের জন্য লোকে যেভাবে কাঁদে সেই ভাবে দেশটিও কাঁদছে এবং দেশের সব লোকেরা দুর্বল। এমনকি মাঠের পশু, আকাশের পাখী এবং সমুদ্রের মাছরাও মারা যাচ্ছে। 4কোন লোকেরই অপর একজনের সঙ্গে তর্ক করা বা তাকে দোষী করা উচিত নয়। ওহে যাজক, আমার তর্ক তোমার সঙ্গে! 5যাজকরা, দিনের বেলায় তোমাদের পতন হবে। রাত্রিবেলায় ভাববাদীরাও তোমাদের সঙ্গে পড়ে যাবে। আর আমি তোমাদের মাতাকে ধ্বংস করব।
6“আমার লোকরা বিনষ্ট হয়েছে কারণ তাদের কোন জ্ঞান নেই। তোমরা শিখতে অস্বীকার করেছো, সেজন্য আমিও তোমাদের আমার যাজকদের কাজ দিতে অস্বীকার করব। তোমরা তোমাদের ঈশ্বরের বিধি ভুলে গিয়েছ, সেজন্য আমি তোমাদের সন্তানদের ভুলে যাব। 7তারা অহঙ্কারী হয়েছে! তারা আমার বিরুদ্ধে উত্তরোত্তর আরো পাপ কাজ করেছে, সেজন্য আমি তাদের মহত্ত্বকে লজ্জায় রূপান্তরিত করব।
8“যাজকরা লোকদের পাপ কাজের সঙ্গে যোগ দিয়েছে। তারা অনেক বেশী পরিমাণে ঐ পাপ কাজ করতে চেয়েছে। 9সেজন্য যাজকরা ঐ লোকদের চেয়ে কোন অংশে ভিন্ন নয়। তারা যেসব কাজ করেছে তার জন্য আমি তাদের শাস্তি দেব। তারা যে ভুল কাজ করেছে তার জন্য আমি প্রতিশোধ নেব। 10তারা খাবে, কিন্তু তারা তাতে তৃপ্ত হবে না! তারা যৌন পাপে লিপ্ত হবে, কিন্তু তাদের কোন সন্তান হবে না। কারণ তারা প্রভুকে ছেড়ে দিয়েছে এবং পতিতার মত থাকে।
11“যৌনপাপ, তীব্র পানীয় এবং নতুন দ্রাক্ষারস একজন লোকের সোজাসুজিভাবে চিন্তা করার ক্ষমতা নষ্ট করবে। 12আমার লোকরা উপদেশের জন্য কাঠের খণ্ডকে জিজ্ঞাসা করছে। তারা ভাবছে, ওই কাঠিগুলো তাদের উত্তর দেবে। কারণ পতিতার মতোই তারা মূর্ত্তিগুলোর পেছনে ছুটেছিল। তারা তাদের ঈশ্বরকে ছেড়ে দিয়েছে এবং পতিতার মতো হয়ে গেছে। 13তারা পর্বতের ওপর উৎসর্গ নিবেদন করে পাহাড়ের ওপর ওক গাছ, ঝাউ গাছ এবং দেবদারু গাছের তলায় ধূপ জ্বালায়। ঐ গাছগুলির ছায়া খুবই সুন্দর দেখায়, সেজন্য তোমাদের মেয়েরা পতিতাদের মতো ঐ গাছের তলায় শুয়ে থাকে এবং তোমাদের পুত্রবধূরা যৌন পাপে লিপ্ত হয়।
14“তোমাদের কন্যারা পতিতার মতো থাকে বলে অথবা তোমাদের পুত্রবধূরা যৌন পাপ কাজ করছে বলে আমি তাদের দোষ দেব না। লোকেরা পতিতাদের কাছে যায় এবং তাদের সঙ্গে ঘুমোয়। তারা পতিতাদের সঙ্গে যায় এবং মন্দিরে তাদের সঙ্গেই দেবতাকে উৎসর্গ দেয়। ফলে, ঐ বোকা লোকরা নিজেদেরই ধ্বংস করছে।
ইস্রায়েলের লজ্জাজনক পাপ কাজ
15“ইস্রায়েল তুমি একজন পতিতার মতো কাজ করছ; কিন্তু এই বলে যিহূদাকে দোষী হতে দিও না। গিল্গলে অথবা বৈৎ-আবনে যেও না। প্রতিশ্রুতি দেওয়ার সময় প্রভুর নাম ব্যবহার করো না। কখনও বোলো না, ‘জীবন্ত প্রভুর দিব্য!’ 16প্রভু ইস্রায়েলকে বহু জিনিস দিয়েছেন। তিনি এমনই এক মেষপালকের মতন, যিনি তাঁর মেষগুলোকে প্রচুর ঘাসে ভরা মাঠে নিয়ে যান; কিন্তু ইস্রায়েল হচ্ছে জেদী। ইস্রায়েল ঠিক একটা বাছুরের মতো যে বারবার ছুটে পালায়।
17“ইফ্রয়িম প্রতিমাগুলির সঙ্গে সংযুক্ত হয়েছে। কাজেই তাকে একা থাকতে দাও। 18ইফ্রয়িমরা মাতাল হলে বেশ্যার মত ব্যবহার করে। তারা উৎকোচ ভালবাসে এবং তা দাবী করে। তাদের শাসকরা তাদের লোকদের লজ্জার কারণ হয়। তাদের প্রেমিকদের সঙ্গে থাকতে দাও। 19বাতাস তার পাখা দিয়ে তাদের বিরক্ত করে। তাদের উৎসর্গ তাদের কাছে লজ্জা আনবে।
5নেতারাই ইস্রায়েল এবং যিহূদাকে পাপ কাজ করাচ্ছে
1“যাজকগণ, ইস্রায়েলীয়রা এবং রাজ-পরিবারের সদস্যরা, আমার কথা শোনো: বিচারে তোমরা দোষী সাব্যস্ত হয়েছ!
“তোমরা মিস্পার ফাঁদগুলোর মতো। তোমরা যেন তাবোরে জমির উপর বিছিয়ে থাকা জালের মতো। 2তোমরা অনেক অনেক খারাপ কাজ করেছ। সেজন্য আমি তোমাদের সবাইকে শাস্তি দেব! 3আমি ইফ্রয়িমকে জানি। ইস্রায়েল আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না। ইফ্রয়িম, এখন তুমি ঠিক পতিতার মতো আচরণ কর। ইস্রায়েল তার পাপের জন্য অশুচি হয়ে গেছে। 4ইস্রায়েলবাসীরা বহু খারাপ কাজ করেছে এবং ওই খারাপ কাজগুলো তাদের ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পক্ষে বাধা হয়ে গেছে। তারা সব সময় কিভাবে অন্যান্য দেবতার পেছনে ছোটা যায় তার কথাই চিন্তা করে। তারা প্রভুকে জানে না। 5ইস্রায়েলের অহঙ্কারই তাদের বিরুদ্ধে একটি সাক্ষী। ঐ ইস্রায়েল এবং ইফ্রয়িম তাদের পাপে হোঁচট খেয়েছে। যিহূদাও তাদের সঙ্গে হোঁচট খেয়েছে।
6“জনসাধারণের নেতারা প্রভুর খোঁজে যাবে। তারা তাদের সঙ্গে মেষ এবং গরুগুলিকেও নেবে; কিন্তু তারা প্রভুকে খুঁজে পাবে না। কেন? কারণ তিনি তাদের ছেড়ে চলে গেছেন। 7তারা প্রভুর প্রতি বিশ্বস্ত ছিল না। তাদের সন্তানরা কোন অপরিচিতজাত। কিন্তু এখন তিনি আবার তাদের এবং তাদের দেশ ধ্বংস করবেন।”
ইস্রায়েল ধ্বংসের ভবিষ্যৎবাণী
8“গিবিয়োতে ভেরী বাজাও।
রামাতে তুরী বাজাও।
বৈৎ-আবনে সতর্কবাণী দাও।
বিন্যামীন, শত্রু তোমার পেছনে।
9শাস্তি দেওয়ার সময়ে
ইফ্রয়িম শূন্য হয়ে যাবে।
আমি (ঈশ্বর) ইস্রায়েলের পরিবারদের এই বলে সতর্ক করে দিচ্ছি যে,
ওই ব্যাপারগুলো সত্যই ঘটবে।
10যিহূদার নেতারা চোরদের মতো,
যারা অন্য লোকের সম্পত্তি চুরি করার চেষ্টা করে।
সেজন্য আমি (ঈশ্বর) তাদের ওপর
জলের মতো আমার ক্রোধ ঢেলে দেব।
11ইফ্রয়িম শাস্তি পাবে,
দ্রাক্ষার মতো তাকে চেপে পিষে ফেলা হবে।
কারণ সে নোংরা জিনিসকে অনুসরণ করবে বলে ঠিক করেছে।
12পতঙ্গ যে ভাবে কাপড়ের টুকরো নষ্ট করে,
সেইভাবে আমি ইফ্রয়িমকে ধ্বংস করব।
একটি কাষ্ঠখণ্ড যেমন পচনে ক্ষয়প্রাপ্ত হতে থাকে
আমি সেই ভাবেই যিহূদাকে ধ্বংস করব।
13ইফ্রয়িম তার অসুস্থতা দেখেছিল এবং যিহূদা তার আঘাত দেখেছিল;
সেজন্য তারা অশূরের কাছে সাহায্যের জন্য গিয়েছিল।
তারা মহান রাজাকে তাদের সমস্যার কথা বলেছিল।
কিন্তু রাজা তোমাদের আরোগ্য করতে পারবে না।
তিনি তোমাদের আঘাত নিরাময় করতে পারবেন না।
14কেন? কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব।
আমি যিহূদাবাসীদের কাছে যুবক সিংহের মত হব।
আমি—হ্যাঁ, আমি (প্রভু) তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব।
আমি তাদের দূরে বহন করে নিয়ে যাব।
কেউ তাদের রক্ষা করতে পারবে না।
15আমি আমার নিজের জায়গায় ফিরে যাব।
যতক্ষণ পর্যন্ত না জনসাধারণ স্বীকার করছে যে তারা দোষী,
যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে খুঁজতে আসছে।
হ্যাঁ, তাদের বিপদের সময়ে তারা আমাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করবে।”
6প্রভুর কাছে ফিরে আসার পুরস্কার
1“এসো, চল আমরা প্রভুর কাছে ফিরে যাই।
তিনি আমাদের আঘাত করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন।
তিনি আমাদের আহত করেছিলেন, কিন্তু তিনি আমাদের (ক্ষতস্থানগুলিকে) পট্টি দিয়ে বেঁধে দেবেন।
2দুদিন বাদে তিনি আমাদের জীবন ফিরিয়ে দেবেন।
তৃতীয় দিনে, তিনি আমাদের ওঠাবেন।
তাহলে আমরা তাঁর সামনে বেঁচে থাকতে পারব।
3এস, প্রভুর সম্বন্ধে আমরা জ্ঞান সঞ্চয় করি।
প্রভুকে জানবার জন্য আপ্রাণ চেষ্টা করি।
যে রকম নিশ্চিত ভাবে আমরা জানি যে ভোর হতে চলেছে
সে রকম ভাবেই আমরা নিশ্চিত যে তিনি আসছেন।
প্রভু আমাদের কাছে বৃষ্টির মতো আসবেন,
বসন্তের বৃষ্টির জল যেভাবে মাটিকে সিক্ত করে।”
লোকরা বিশ্বস্ত নয়
4“ইফ্রয়িম, তোমার সঙ্গে আমি কি করব?
যিহূদা, তোমার সঙ্গে আমি কি করব?
তোমার বিশ্বস্ততা তো ভোরের কুয়াশার মতো,
তোমার বিশ্বস্ততা তো শিশিরের মতো, যা সকালে মিলিয়ে যায়।
5তাই আমি তাদের ভাববাদীদের দ্বারা কেটে ফেলেছি।
আমার আদেশেই তাদের হত্যা করা হয়েছে;
যাতে ন্যায় তোমার কাছ থেকে
আলোর মতো বেরিয়ে যেতে পারে।
6কারণ, আমি বিশ্বাসপূর্ণ ভালোবাসা চাই,
উৎসর্গ নয়।
আমি চাই লোকে ঈশ্বরকে জানুক,
হোমবলি উৎসর্গ নয়।
7কিন্তু লোকে চুক্তি ভেঙে ছিল, ঠিক আদম যে ভাবে ভেঙে ছিল।
তাদের রাজ্যে তারা আমার প্রতি অবিশ্বস্ত।
8গিলিয়দ অধর্মচারীদের শহর।
সেখানকার লোকরা চালাকি করে অন্যদের হত্যা করেছে।
9ডাকাতরা লুকিয়ে থাকে,
পথে কাউকে আক্রমণ করার জন্য অপেক্ষা করে।
একইভাবে, যাজকরা শিখিমের রাস্তার ওপর অপেক্ষা করে
এবং পথচারীদের আক্রমণ করে তারা অনেক অন্যায় করেছে।
10ইস্রায়েল জাতির মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস দেখেছি।
ইফ্রয়িম ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত ছিল।
পাপে ইস্রায়েল নোংরা হয়ে গেছে।
11যিহূদা, তোমার জন্য ফসল কাটারও একটা সময় আছে।
যখন আমি আমার লোকদের বন্দী দশা থেকে ফিরিয়ে আনব, তখনই এটা ঘটবে।”
71“আমি ইস্রায়েলকে আরোগ্য করব!
তখন লোকরা জানতে পারবে যে ইফ্রয়িম পাপ করেছিল।
লোকে শমরিয়ার মিথ্যা জানতে পারবে।
যে চোররা শহরে আসা-যাওয়া করে লোকরা তাদের সম্বন্ধে জানবে।
2ওই লোকরা বিশ্বাস করে না যে আমি তাদের অপরাধ স্মরণ করব,
তাদের মন্দ কাজগুলি চারিদিকেই রয়েছে।
আমি তাদের পাপগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি।
3তারা তাদের নেতাদের মিথ্যাচারণ দিয়ে খুশী করে।
তাদের ভ্রান্ত দেবতারা তাদের নেতাদের খুশী রাখে।
4একজন রুটিওয়ালা রুটি বানানোর জন্য
ময়দার তাল তৈরি করে তা উনুনে রাখে।
রুটি ফুলে উঠলে রুটিওয়ালা
উনুনের আঁচ আর বাড়িয়ে দেয় না।
কিন্তু ইস্রায়েলবাসীরা সে রকম নয়।
ইস্রায়েলবাসীরা সব সময় তাদের আগুনের আঁচ বাড়িয়ে দিচ্ছে।
5আমাদের রাজার দিনে দ্রাক্ষারসের উত্তাপে নেতারা অসুস্থ হয়ে পড়েছে।
সেজন্য রাজা বিদ্রূপকারীদের
বিরুদ্ধে হাত প্রসারিত করেছেন।
6লোকরা তাদের গোপন ফন্দী আঁটে।
উত্তেজনায় তাদের হৃদয় উনুনের মতো জ্বলে।
সারারাত ধরে তাদের উত্তেজনা জ্বলে;
এবং সকাল বেলায়ও সেই উত্তেজনা আগুনের মতো ভীষণ গরম।
7তারা সবাই গরম উনুনের মতন।
তারা তাদের শাসকদের ধ্বংস করেছে।
তাদের সব রাজারা ভূপতিত হয়েছে।
তাদের মধ্যে কেউই সাহায্যের জন্য আমাকে ডাকেনি।”
ইস্রায়েল জানে না যে সে ধ্বংস হবে
8“ইফ্রয়িম অন্য জাতিসমূহের সঙ্গে মিশছে।
ইফ্রয়িম কেক্-এর মত যার দুদিক স্যাঁকা হয়নি।
9অপরিচিতরা ইফ্রয়িমের ক্ষমতা ধ্বংস করে;
কিন্তু ইফ্রয়িম সে বিষয় কিছুই জানে না।
ইফ্রয়িমের ওপর পাকা চুল ছড়িয়ে দেওয়া হয়েছে;
কিন্তু ইফ্রয়িম এসবের বিষয় কিছুই জানে না।
10ইফ্রয়িমের অহঙ্কার কেবল মাত্র তার বিরুদ্ধেই কথা বলে।
সাধারণ মানুষের অনেক বিপদ-আপদ গেছে;
কিন্তু তবুও তারা এখনও তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরে যায় নি।
লোকরা ঈশ্বরের দিকে সাহায্যের জন্য তাকায়নি।
11সেজন্য ইফ্রয়িম বোকা ঘুঘু পাখির মতোই হয়ে গেছে, যার বোধবুদ্ধি নেই।
লোকরা সাহায্যের জন্য মিশরকে ডেকেছিল।
লোকরা সাহায্যের জন্য অশূরে গিয়েছিল।
12তারা সাহায্যের জন্য ওই দেশগুলোতে যায়,
কিন্তু আমি তাদের ফাঁদে ফেলব।
আমি আমার জাল তাদের উপর ছুঁড়ে ফেলব
এবং আকাশের পাখীদের মতো আমি তাদের নীচে নামাব।
তাদের চুক্তির জন্য আমি তাদের শাস্তি দেব।
13এটা তাদের পক্ষে খারাপ হবে।
তারা আমাকে পরিত্যাগ করেছে।
তারা আমার আদেশ মানতে অস্বীকার করেছে;
সেজন্য তারা ধ্বংস হবে।
আমি ওই লোকদের রক্ষা করেছি;
কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলে।
14তারা কখনোই আমাকে পুরোপুরি আন্তরিকভাবে ডাকেনি।
পরিবর্ত্তে তারা শস্য এবং নতুন দ্রাক্ষারসের জন্য
তাদের বিছানায় শুয়ে আর্তনাদ করছে।
তারা বন্য পশুর মতো তাদের মূর্ত্তিসমূহের কাছে আর্তনাদ করছে।
কিন্তু তারা আমার বিরুদ্ধে গিয়েছে।
15আমি তাদের প্রশিক্ষণ দিয়েছিলাম এবং তাদের হাত শক্তিশালী করেছিলাম; কিন্তু তারা আমার বিরুদ্ধে অন্যায় ফন্দী এঁটেছে।
16কিন্তু তারা ছিল একটি বঞ্চক ধনুকের+ 7:16 বঞ্চক ধনুক এটি একটি বাঁকা লাঠি যেটি পাখী শিকারের জন্য ব্যবহৃত হয়। যখন এটি ঠিকভাবে ছোঁড়া হয় এটি মাটির কাছে ওড়ে এবং ওপরদিকে বেঁকে যায়। প্রায়শঃই যে ব্যক্তি এটি ছোঁড়ে তার কাছে ফিরে আসে। আক্ষরিক অর্থে, “নিক্ষেপ করবার ধনুক।” মত।
তারা ফিরেছিল, কিন্তু আমার কাছে ফিরে আসেনি।+ 7:16 তারা … আসেনি অথবা তারা ফিরেছিল কিন্তু উর্দ্ধ মুখে নয়, অথবা “তারা দেবতার দিকে ফিরছিল না।” এর অর্থ হচ্ছে তারা লোকেরা যে মূর্ত্তিগুলোর পূজো করত সেই মূর্ত্তিগুলোর দিকে ফিরছিল।
তাদের নেতারা তাদের ক্রুদ্ধ কথাবার্তার দরুন
তাদের তরবারির আঘাতেই নিহত হবে।
তখন মিশরবাসীরা তাদের দেখে হাসবে।
8মূর্ত্তি পূজো ধ্বংসের দিকে নিয়ে যায়
1“তোমাদের ঠোঁটে শিঙা রাখো এবং শিঙা বাজিয়ে সতর্ক করে দাও। প্রভুর গৃহের ওপর ঈগল পাখীর মতো হও। ইস্রায়েলবাসীরা আমার চুক্তি ভঙ্গ করেছে। তারা আমার বিধি মান্য করেনি। 2তারা আমার দিকে তীব্রস্বরে চিৎকার করে, ‘আমার ঈশ্বর, আমরা ইস্রায়েলবাসীরা আপনাকে জানি!’ 3কিন্তু ইস্রায়েলবাসীরা ভালো জিনিস নিতে অস্বীকার করে; সেজন্য শত্রুরা তাদের পেছনে তাড়া করে। 4ইস্রায়েলীয়রা তাদের রাজাদের মনোনীত করেছে; কিন্তু তারা আমার কাছে পরামর্শ নিতে আসেনি। ইস্রায়েলবাসীরা নেতাদের নির্বাচন করে; কিন্তু যাদের আমি জানি, তারা তাদের নির্বাচন করেনি। ইস্রায়েলবাসীরা নিজেদের জন্য তাদের সোনা ও রূপা দিয়ে মূর্ত্তি বানায়। সুতরাং তারা ধ্বংস হবে। 5 হে শমরিয়া, মূর্ত্তি ঈশ্বর তোমাদের গোবৎস মূর্ত্তি গ্রহণ করতে অস্বীকার করেছেন।+ 8:5-6 শমরিয়া … করেছেন শমরিয়া ছিল ইস্রায়েলের রাজধানী। ইস্রায়েলীয়রা গোবৎসের মূর্ত্তি বানিয়েছিল এবং সেগুলো দান ও বৈথেলের মন্দিরে রেখে দিয়েছিল। এই মূর্ত্তিগুলি প্রভু অথবা ভ্রান্ত দেবতা কিনা তা স্পষ্ট নয়। কিন্তু ঈশ্বর তাদের এই মূর্ত্তিগুলি রাখতে দিতে চাইতেন না। ঈশ্বর বলেছেন, ‘আমি ইস্রায়েলবাসীদের বিরুদ্ধে খুবই ক্রুদ্ধ।’ ইস্রায়েলবাসীরা তাদের পাপকাজের জন্য শাস্তি পাবে। কিছু কর্মী ঐ মূর্ত্তিগুলিকে তৈরি করছে, তারা ঈশ্বর নয়। শমরিয়ার বাছুর টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে। 7ইস্রায়েলীয়রা নির্বোধের মত একটা কাজ করেছিল এবং সেটা ছিল যেন বাতাস রোপণ করবার চেষ্টার মত। তারা কেবল কষ্ট পাবে। তারা কেবল মাত্র সাইক্লোনের মত শস্য পাবে। মাঠে শস্য বাড়বে; কিন্তু সে শস্য কোন খাদ্য দেবে না। এমনকি যদি কিছু জন্মায়, তবে অপরিচিতরাই তা খেয়ে নেবে।
8“ইস্রায়েল ধ্বংস হয়েছিল।
ইস্রায়েলীয়রা জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে যেন কোন খাবার
যেটা কারো ভাল লাগেনি বলে ফেলে দেওয়া হয়েছে।
9ইফ্রয়িম তাকে তোষামোদ করেছিল।
বন্য গাধার মত সে ঘুরতে ঘুরতে অশূরীয়তে গিয়ে পৌঁছেছিল।
10ইস্রায়েলীয়রা জাতিগণের মধ্যে তাদের ‘প্রেমিকদের’ কাছে গিয়েছিল।
কিন্তু আমি ইস্রায়েল জাতিদের একত্রিত করব।
কিন্তু তাদের সেই প্রবল ক্ষমতাবান রাজার থেকে
তাদের কিছুটা কষ্ট ভোগ করতেই হবে।
ইস্রায়েল ঈশ্বরকে ভুলে গিয়েছিল এবং মূর্ত্তি পূজো করেছিল
11“ইফ্রয়িম অনেক বেশী করে পূজো বেদী তৈরি করেছে
এবং সেটা তৈরি করাটা পাপ হয়েছে।
সেই পূজো বেদীগুলো ইফ্রয়িমের পাপের পূজো বেদী।
12এমনকি যদি আমি ইফ্রয়িমের জন্য 10,000 বিধিও রচনা করি
তবু সেগুলোর দিকে সে এমন চোখে দেখবে যেন সেগুলো কোন অপরিচিতদের জন্য রচিত হয়েছে।
13ইস্রায়েলবাসীরা বলি উৎসর্গ করতে ভালবাসে।
তারা মাংস উৎসর্গ করে এবং তা খায়।
প্রভু তাদের উৎসর্গ গ্রহণ করেন না।
তিনি তাদের পাপগুলো মনে রাখেন
এবং তিনি তাদের শাস্তি দেবেন।
বন্দী হিসেবে তাদের মিশরে নিয়ে যাওয়া হবে।
14ইস্রায়েল রাজাদের প্রাসাদ তৈরি করে;
কিন্তু তারা তাদের নিজেদের নির্মাতাকে ভুলে গেছে!
এখন যিহূদা দুর্গ তৈরি করছে;
কিন্তু আমি যিহূদার শহরগুলোর জন্যে আগুন পাঠাব; এবং সেই আগুন তার দুর্গগুলো ধ্বংস করে দেবে!”
9নির্বাসনের দুঃখ
1ইস্রায়েল, তোমরা অন্য জাতির মতো উৎসব কোরো না, আনন্দিত হয়ো না! তোমরা পতিতার মতো ব্যবহার করেছো এবং তোমরা ঈশ্বরকে পরিত্যাগ করেছো। প্রত্যেক মাড়াইয়ের জমিতে তোমরা যৌন পাপ কাজ করেছিলে। 2কিন্তু ওই মাড়াইয়ের জমি থেকে পাওয়া শস্য যথেষ্ট পরিমাণে ইস্রায়েলকে খাদ্য দেবে না। সেখানে ইস্রায়েলের জন্য যথেষ্ট পরিমাণে দ্রাক্ষারসও থাকবে না।
3ইস্রায়েল জাতি প্রভুর দেশে বাস করতে পারবে না। ইফ্রয়িম মিশরে ফিরে যাবে। যে খাদ্যগুলো তাদের খাওয়া উচিত নয়, সেই খাদ্যগুলি তারা অশূরীয়তে খাবে। 4ইস্রায়েল জাতি প্রভুকে দ্রাক্ষারস নৈবেদ্য দেবে না। তারা তার কাছে বলি উৎসর্গ করবে না। তাদের উৎসর্গীকৃত খাদ্য শেষের সময়কার খাদ্যের মতো মনে হবে। তারা যা খাবে তা অপরিচ্ছন্ন হবে। তাদের রুটি প্রভুর মন্দিরে যাবে না—তা তাদের নিজেদেরই খেতে হবে। 5তারা (ইস্রায়েল জাতি) প্রভুর ছুটির দিন অথবা উৎসবের দিন উদ্যাপন করতে পারবে না।
6ইস্রায়েলের লোকরা সে দেশ ত্যাগ করেছে তার কারণ শত্রুরা তাদের সর্বস্ব নিয়ে নিয়েছে। কিন্তু মিশর লোকগুলোকেই নেবে। মোফ তাদের সমাহিত করবে। তাদের রূপোর কোষাগারে আগাছা জন্মাবে। যেখানে ইস্রায়েলীয়রা বাস করত সেখানে কাঁটাগাছ জন্মাবে।
ইস্রায়েল প্রকৃত ভাববাদীদের বাতিল করেছে
7ভাববাদীরা বলে, “ইস্রায়েল, এই বিষয়গুলি তোমরা শেখো: শাস্তির সময় এসেছে। তোমরা যে মন্দ কাজগুলো করেছিলে তার খেসারত দেবার সময় এসেছে।” কিন্তু ইস্রায়েলের লোকরা বলছে, “ভাববাদীরা নির্বোধ। ঈশ্বরের আত্মা বিশিষ্ট এই ব্যক্তিটি বিকৃত মস্তিষ্ক।” ভাববাদীরা বলছে, “তোমার খারাপ কাজের জন্য এবং তোমার ঘৃণার জন্যও তুমি শাস্তি পাবে। তোমার কুৎসিত পাপ ও ঘৃণার জন্য তুমি শাস্তি পাবে।” 8ঈশ্বর এবং ভাববাদীরা হচ্ছে পাহারাওয়ালার মতো যারা ইফ্রয়িমের ওপর নজর রাখছে। কিন্তু পথে অনেক ফাঁদ পাতা আছে। লোকরা ভাববাদীদের ঘৃণা করে। এমনকি, ঈশ্বরের আবাসের মধ্যেও লোকরা ভাববাদীকে ঘৃণা করে।
9গিবিয়ার সময়ের মতই ইস্রায়েলীয়রা দুষ্ট। প্রভু ইস্রায়েল জাতির পাপ কাজ মনে রাখবেন। তিনি তাদের পাপের জন্য শাস্তি দেবেন।
মূর্ত্তির পূজা করার জন্য ইস্রায়েল ধ্বংস হয়েছে
10“যে সময় আমি ইস্রায়েলকে পেলাম, সে সময় তারা ছিল মরুভূমিতে পাওয়া টাটকা দ্রাক্ষার মতো। তারা ঋতু সূচনায় গাছের প্রথম ডুমুরগুলির মতো ছিল। কিন্তু তারপর তারা বালপিয়োরের কাছে এল এবং বদলে গেল, তাই তাদের আমায় পচে যাওয়া ফলের মত ছুঁড়ে ফেলে দিতে হল। তারা সেই ভয়ঙ্কর জিনিসের (মূর্ত্তির) মতোই হয়ে উঠল যাদের তারা ভালবাসত।
ইস্রায়েল জাতির কোন সন্তান হবে না
11“একটি পাখীর মতোই ইফ্রয়িমের মহিমা উড়ে যাবে। সেখানে আর কেউ গর্ভবতী হবে না। কোন জন্ম হবে না, কোন শিশু থাকবে না। 12কিন্তু যদি কোন ইস্রায়েলীয়রা তাদের সন্তানদের লালন-পালন করে তাহলেও সে তাদের কোন সাহায্যে আসবে না। আমি তাদের কাছ থেকে শিশুদের নিয়ে নেব। আমি তাদের ত্যাগ করব, এবং ঝামেলা ছাড়া তাদের কাছে আর কিছুই থাকবে না।”
13আমি দেখতে পাচ্ছি যে ইফ্রয়িম তার সন্তানদের ফাঁদের দিকে নিয়ে যাচ্ছে। ইফ্রয়িম তার সন্তানদের হত্যাকারীর দিকে নিয়ে যাচ্ছে। 14প্রভু, আপনি যা চান তাই তাদের দিন। তাদের এমন একটি জরায়ু দিন যাতে সন্তান ধারণ না করে। তাদের এমন স্তন দিন যা দুধ দিতে পারে না।
15তাদের সব মন্দতা গিল্গলে রয়েছে।
আমি সেখানে তাদের ঘৃণা করতে আরম্ভ করেছি।
আমি তাদের আমার বাড়ি ছাড়তে বলপ্রয়োগ করব
কারণ তারা সব পাপ কাজ করেছে।
আমি তাদের আর কখনোই ভালবাসব না।
তাদের নেতারা বিদ্রোহী, তারা আমার বিরুদ্ধে গেছে।
16ইফ্রয়িম শাস্তি পাবে। তাদের মূল শুকিয়ে যাচ্ছে।
তাদের আর সন্তান হবে না।
সন্তানের জন্ম হয়ত তারা দিতে পারে,
কিন্তু তাদের শরীর থেকে যে প্রিয় সন্তান সৃষ্টি হবে
তাদের আমি হত্যা করব।
17ওই লোকরা আমার ঈশ্বরের কথা শুনবে না।
সেজন্য তিনিও তাদের কথা শুনতে অস্বীকার করবেন।
তারা গৃহহীন হয়ে অন্য জাতের মানুষের মধ্যে ঘুরে বেড়াবে।
10ইস্রায়েলের ধনই তাকে মূর্ত্তি পূজার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল
1ইস্রায়েল একটি দ্রাক্ষা গাছের মতো,
যা প্রচুর পরিমাণে ফল উৎপন্ন করে।
কিন্তু ইস্রায়েল যতোই বেশী বেশী পরিমাণে জিনিস পেয়েছে,
ততোই মূর্ত্তিদের সম্মানার্থে সে আরো বেশী করে বেদী তৈরি করেছে।
তাদের দেশ আস্তে আস্তে ভালোর দিকে গেছে,
সেজন্য সেও মূর্ত্তিদের সম্মানার্থে দেবার জন্য ভালো ভালো পাথর বসিয়েছে।
2তাদের আনুগত্য বিভক্ত হয়ে গিয়েছিল।
কিন্তু এখন তাদের নিজেদের অপরাধ স্বীকার করতে হবে।
প্রভু তাদের পূজো বেদী-গুলোকে ভেঙে ফেলবেন।
তিনি তাদের স্মরণ স্তম্ভগুলোও ধ্বংস করবেন।
ইস্রায়েল জাতির অন্যায় সিদ্ধান্তগুলি
3এখন ইস্রায়েলীয়রা বলে, “আমাদের কোন রাজা নেই। আমরা প্রভুকে সম্মান করি না! এবং তার রাজা আমাদের কিছুই করতে পারেন না!”
4তারা প্রতিশ্রুতি করেছে—কিন্তু তারা কেবল মিথ্যা কথাই বলছে। তারা তাদের প্রতিশ্রুতিগুলি রাখে নি! তারা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে। ঈশ্বর ওই চুক্তিগুলি পছন্দ করেন না। বিচারকরা যেন লাঙল দেওয়া জমিতে গজিয়ে ওঠা বিষাক্ত আগাছার মতন।
5শমরিয়ার লোকরা বৈৎ-আবনের বাছুরদের পূজা করে। ওই লোকরা সত্যিই কাঁদবে। ওই যাজকরা সত্যিই কাঁদবে। কারণ তাদের সুন্দর মূর্ত্তি চলে যাচ্ছে। মূর্ত্তিটিকে নিয়ে যাওয়া হয়েছে। 6এটাকে অশূরীয়দের মহান রাজার উপহার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ইফ্রয়িমের এই লজ্জাকর মূর্ত্তি রেখে দেবেন। এই মূর্ত্তির জন্য ইস্রায়েল লজ্জিত হবে। 7শমরিয়ার ভ্রান্ত দেবতা ধ্বংস হবে। সেটা জলের ওপর দিয়ে ভেসে যাওয়া কাঠের খণ্ডের মতো মনে হবে।
8ইস্রায়েল পাপ করছে এবং বহু উচ্চস্থান তৈরী করেছে। আবনের উচ্চস্থানগুলি ধ্বংস হবে। কাঁটাগাছ এবং আগাছা তাদের বেদীর ওপর জন্মাবে। তখন তারা পর্বতদের বলবে, “আমাদের ঢেকে দাও!” এবং পাহাড়গুলোকে বলবে, “আমাদের ওপর ভেঙে পড়ো!”
ইস্রায়েলকে তার পাপের মুল্য দিতে হবে
9“ইস্রায়েল, তুমি গিবিয়ার সময় থেকে পাপ কাজ করেছো। (ওই লোকেরা সেখানে পাপ কাজ চালিয়ে গেছে।) গিবিয়াতে সত্যিই ওই মন্দ লোকেরা যুদ্ধের মুখে পড়বে। 10আমি তাদের শাস্তি দিতে আসবো। সৈন্যরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। তারা ইস্রায়েলকে তাদের উভয় পাপের জন্যে শাস্তি দেবে।
11“ইফ্রয়িম একটি শিক্ষা দেওয়া বাছুরের মতো যে শস্য মাড়াইয়ের জমির উপর দিয়ে হাঁটতে ভালবাসে। আমি তার ঘাড়ের উপর দাসত্বের একটা ভালো জোয়াল রাখব। আমি ইফ্রয়িমের উপর দড়ি রাখব। যখন যিহূদা জমি চাষ করতে আরম্ভ করবে, যাকোব নিজেই জমিটাকে ভেঙে দেবে।”
12তুমি যদি ধার্মিকতার বীজ বপন করো, তবে তুমি প্রকৃত ভালবাসার ফসল পাবে। তোমার জমি চাষ করো, তবে তুমি প্রভুর সঙ্গে ফসল তুলতে পারবে। তিনি আসবেন, এবং বৃষ্টি পড়ার মতো তোমার ওপরে ধার্মিকতা বর্ষণ করবেন!
13কিন্তু তুমি অসৎ জিনিস বপন করেছো, এবং ফসল হিসেবে অশান্তিই পেয়েছো। তুমি তোমার মিথ্যার ফল খেয়েছিলে। কারণ তুমি তোমার শক্তিতে এবং তোমার সৈন্যদের ওপর বিশ্বাস করেছো। 14সেজন্যে তোমার সৈন্যরা যুদ্ধের কোলাহল শুনবে এবং তোমাদের সব দুর্গগুলি ধ্বংস হবে। এটা সেই সময়ের মতো হবে যখন শল্মন বৈৎ-অর্ব্বেল ধ্বংস করেছিল। সেই যুদ্ধের সময়, মায়েরা তাদের সন্তানদের সঙ্গেই নিহত হয়েছিল। 15এবং তোমাদের ক্ষেত্রে বৈথেলে সেই রকমই ঘটবে। কারণ তোমরা অনেক অশুভ কাজ করেছিলে। যখন সেই দিনটি আসবে, তখন ইস্রায়েলের রাজা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।
11ইস্রায়েল প্রভুকে ভুলে গেছে
1প্রভু বলেছেন, “ইস্রায়েল যখন শিশু ছিল তখন আমি তাকে ভালোবেসেছিলাম;
আমি আমার পুত্রকে মিশর থেকে ডেকে নিয়েছিলাম।
2কিন্তু আমি যতো বেশী করে ইস্রায়েলীয়দের ডেকেছি
ততোই বেশী করে ইস্রায়েলীয়রা আমাকে ছেড়ে গেছে।
ইস্রায়েলীয়রা বালদের উদ্দেশ্যে বলি দিয়েছিল।
তারা মূর্ত্তিগুলির সামনে ধূপ জ্বালিয়েছিল।
3“কিন্তু আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম!
আমি ইস্রায়েলীয়দের আমার বাহুর মধ্যে নিয়েছিলাম!
আমিই তাদের আরোগ্য করেছিলাম!
কিন্তু তারা তা জানে না।
4আমি তাদের দড়ি দিয়ে পথ দেখিয়েছিলাম।
কিন্তু সে দড়ি ছিল ভালবাসারই দড়ি।
আর আমিই তাদের কাছে সেই লোকেদের মত ছিলাম যারা ঘাড় থেকে যোয়াল উঠিয়ে নেয়।
আমিই নীচু হয়ে তাদের খাওয়াতাম।
5“ইস্রায়েল জাতি ঈশ্বরের দিকে ফিরতে অস্বীকার করেছিল। সেজন্য তারা মিশরে যাবে! অশূর রাজা তাদের রাজা হবে। 6তরবারি তাদের শহরের বিরুদ্ধেই ঘুরবে। সেই তরবারি তাদের শক্তিশালী লোকেদের হত্যা করবে। সেটা তাদের নেতাদেরও ধ্বংস করবে।
7“আমার লোকেরা আশা করে যে আমি তাদের কাছে ফিরে যাব। তারা স্বর্গের ঈশ্বরকে ডাকবে, কিন্তু ঈশ্বর তাদের সাহায্য করবে না।”
প্রভু ইস্রায়েলকে ধ্বংস করতে চাইছেন না
8“ইফ্রয়িম আমি তোমাকে ছাড়তে চাইছি না।
ইস্রায়েল, আমি তোমাকে রক্ষা করতে চাই।
আমি তোমাকে অদ্মার মতো হতে দেব না!
আমি তোমাকে সবোয়িমের মতো হতে দেব না!
আমি তোমার মন বদলাচ্ছি।
তোমাদের প্রতি আমার ভালোবাসা খুবই তীব্র।
9আমি আমার ভয়ঙ্কর ক্রোধকে কখনই জয়ী হতে দেব না।
আমি আবার ইফ্রয়িমকে ধ্বংস করব না।
আমি ঈশ্বর, আমি মানুষ নই।
আমিই সেই পবিত্রজন,
আমি তোমাদের সঙ্গেই আছি।
আমি ক্রোধ প্রকাশ করব না।
10আমি সিংহের মতন গর্জন করব।
আমি গর্জন করব এবং আমার সন্তানরা আসবে ও আমাকে অনুসরণ করবে।
আমার সন্তানরা ভয়ে কাঁপতে কাঁপতে
পশ্চিম দিক থেকে আসবে।
11পাখীর মতন কাঁপতে কাঁপতে
তারা মিশর থেকে আসবে।
অশূরীয় দেশ থেকে তারা ঘুঘু পাখীর মতো কাঁপতে কাঁপতে আসবে;
এবং আমি তাদের গৃহে ফিরিয়ে নেব।”
প্রভু এই কথাই বলেছেন।
12“ইফ্রয়িম তার মূর্ত্তিদের দ্বারা আমাকে ঘিরে রেখেছে।
ইস্রায়েলবাসীরা আমার বিরুদ্ধে গিয়েছিল এবং তারা ধ্বংস হয়ে গেছে!
কিন্তু যিহূদা এলের সঙ্গে এখনও ঘুরছে।
যিহূদা সেই পবিত্রদের কাছে বিশ্বস্ত।”
12ইস্রায়েলের বিরুদ্ধে প্রভু
1ইফ্রয়িম তার সময় নষ্ট করছে—ইস্রায়েল সারাদিন ধরে “হাওয়ার পেছনে ছুটছে।” জনসাধারণ আরো বেশী করে মিথ্যা বলছে। তারা আরো বেশী চুরি করছে। তারা অশূরের সঙ্গে চুক্তি করেছে, এবং তাদের জলপাই তেল মিশরে বহন করে নিয়ে যাচ্ছে।
2প্রভু বলেছেন, “ইস্রায়েলের বিরুদ্ধে আমার বলবার বিষয় আছে। যাকোব তার কাজের জন্যে অবশ্যই শাস্তি পাবে। যে সব খারাপ কাজ সে করেছে তার জন্য সে অবশ্যই শাস্তি পাবে। 3এমন কি যাকোব যখন তার মায়ের গর্ভে ছিল, তখন থেকেই সে তার ভাইদের বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করে দিয়েছিল। যাকোব একজন শক্তিশালী যুবক ছিল; এবং সেই সময় সে ঈশ্বরের সঙ্গে লড়াই করেছিল। 4সে ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিল এবং জিতেছিল। সে কেঁদে অনুগ্রহ চেয়েছিল। বৈথেলে এই ঘটনা ঘটে। সেখানে, সে আমাদের সঙ্গে কথা বলেছিল। 5হ্যাঁ, সৈন্যবাহিনীর ঈশ্বর হচ্ছেন যিহোবা। তাঁর নাম যিহোবা (প্রভু)। 6সেজন্য তোমরা তোমাদের ঈশ্বরের কাছে ফিরে এসো। তাঁর বশবর্তী হও, সঠিক কাজ কর! সব সময় তোমার ঈশ্বরকে বিশ্বাস কর!
7“যাকোব একজন পাকা ব্যবসায়ী লোক। সে তার বন্ধুদেরও প্রতারণা করে! এমনকি তার দাঁড়িপাল্লাও ঠিক নেই। 8ইফ্রয়িম বলেছিল, ‘আমি একজন ধনী! আমি প্রকৃত ধন খুঁজে পেয়েছি! কোনো ব্যক্তি আমার অপরাধ সম্পর্কে জানতে পারবে না। কোনও ব্যক্তিই আমার পাপের সম্বন্ধে জানতে পারবে না।’
9“কিন্তু মিশরের ভূমিতে তোমরা যতদিন ছিলে ততদিন আমিই তোমাদের প্রভু, ঈশ্বর ছিলাম। ঈশ্বর সমাগম তাঁবুতে থাকার সময়ের মতো আমি তোমাদের তাঁবুতে বাস করবার ব্যবস্থা করব। 10আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের অনেক দর্শনশক্তি দিয়েছি। আমার শিক্ষা তোমাদের দেওয়ার জন্য আমি ভাববাদীদের অনেক পথ দেখিয়েছি। 11কিন্তু গিলিয়দবাসীরা পাপী। সেখানে অনেকগুলো ভয়ঙ্কর মূর্ত্তি আছে। গিল্গলের লোকেরা ষাঁড়ের কাছে বলি উৎসর্গ করে। ওই লোকেদের বহু পূজোর বেদী আছে। চষা জমিতে আবর্জনার সারির মত সেখানে বেদীর সারি তৈরী হয়েছে।
12“যাকোব অরামের দেশে পালিয়ে গিয়েছিল। সেই জায়গায় ইস্রায়েল স্ত্রী পাবার জন্যে কাজ করেছিল। আরেকটি স্ত্রী পাবার জন্য সে মেষগুলির দেখাশোনা করেছিল। 13কিন্তু ঈশ্বর একজন ভাববাদীকে ব্যবহার করে ইস্রায়েলকে মিশর থেকে বার করে নিয়ে গিয়েছিলেন এবং ইস্রায়েলকে নিরাপদে রাখার জন্য প্রভু একজন ভাববাদীকে ব্যবহার করবেন। 14কিন্তু ইফ্রয়িম প্রভুকে অত্যন্ত ক্রুদ্ধ করে তুলল। ইফ্রয়িম বহু লোককে হত্যা করেছিল। সেজন্য সে তার অপরাধের শাস্তি পাবে। তার গুরু (প্রভু) তাকে তার অবমাননা সহ্য করতে বাধ্য করবেন।”
13ইস্রায়েল নিজেকে ধ্বংস করেছে
1“ইফ্রয়িম ইস্রায়েলে নিজেকে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছিল। ইফ্রয়িম কথা বলত এবং জনসাধারণ ভয়ে কাঁপত। কিন্তু ইফ্রয়িম পাপ করেছিল, সে বালকে পূজো করতে আরম্ভ করেছিল। 2এখন ইস্রায়েল জাতি এমশঃ আরো বেশী পাপ করছে। তাদের নিজেদের জন্য তারা মূর্ত্তি তৈরি করছে। মজুররা রূপো দিয়ে ওই সৌখীন মূর্ত্তিগুলো তৈরি করছে। তারপর ওই লোকরা তাদের মূর্ত্তিগুলির সঙ্গে কথা বলছে। ওই মূর্ত্তিগুলির জন্যে তারা বলি উৎসর্গ করছে। তারা ওই সোনার বাছুরগুলোকে চুমু খাচ্ছে। 3সে জন্যেই ওই লোকরা শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। তারা হবে ভোরবেলায় আসা কুয়াশার মতো। কুয়াশা যেমন আসে এবং তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়। ইস্রায়েল জাতিরা ভূষির মতোই হবে যা মাড়াইয়ের ঘর থেকে উড়ে যায়। ইস্রায়েল জাতি হবে ধোঁয়ার মত, যেটা চিমনি থেকে ওঠে এবং অদৃশ্য হয়ে যায়।
4“যখন থেকে তোমরা মিশরের মাটিতে আছো তখন থেকেই আমি তোমাদের প্রভু ঈশ্বর। তোমরা আমাকে ছাড়া অন্য কোন ঈশ্বরকে চিনতে না। আমি ছাড়া আর কোন ত্রাণকর্তা নেই। 5আমি সেই মরুভূমিতে তোমাদের চিনতাম—আমি সেই সমতল শুকনো মাটির দেশে তোমাদের চিনতাম। 6আমি ইস্রায়েল জাতিকে খাদ্য জুগিয়েছি; তারা সেই খাদ্য খেয়েছে। তারা পেট ভরে খেয়েছে এবং খুশী হয়েছে। (তারপর) তারা অহঙ্কারী হয়েছে এবং আমাকে ভুলে গেছে!
7“সেজন্য আমি তাদের কাছে সিংহের মতোই হব। আমি চিতাবাঘের মতোই রাস্তায় অপেক্ষা করব। 8আমি তাদের ভাল্লুকের মতো আক্রমণ করব যার বাচ্চাদের কেড়ে নেওয়া হয়েছে। আমি তাদের আক্রমণ করব—তাদের বুকগুলোকে একটানে চিরে ফেলব। আমি সিংহ অথবা বন্য জীব-জন্তুদের মতোই শিকারকে ছিঁড়ে ছিঁড়ে খাব।”
ঈশ্বরের ক্রোধ হতে কেউই ইস্রায়েলকে রক্ষা করতে পারবে না
9“ইস্রায়েল, আমি তোমাকে সাহায্য করেছিলাম; কিন্তু তোমরা আমার বিরুদ্ধে গেছো। সেজন্য এখন আমি তোমাদের ধ্বংস করব! 10তোমাদের রাজা কোথায়? তোমাদের কোন শহরেই সে তোমাদের রক্ষা করতে পারবে না! তোমাদের বিচারকরা কোথায়? তোমরা তাদের খোঁজ করে বলছো, ‘আমাদের একজন রাজা এবং কিছু নেতা দাও।’ 11আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি তোমাকে একজন রাজা দিয়েছিলাম। তারপর আমি যখন খুবই ক্রুদ্ধ হয়েছিলাম, তখন তাকে নিয়ে গিয়েছিলাম।
12“ইফ্রয়িম তার দোষ লুকোবার চেষ্টা করেছিল।
সে ভেবেছিল, তার পাপগুলো গোপন বিষয়
কিন্তু সে ওই কাজের জন্য শাস্তি পাবে।
13একজন স্ত্রীলোক প্রসব করার সময় যে যন্ত্রণা অনুভব করে,
তার শাস্তিও সেই রকম হবে।
সে কখনোই জ্ঞানী পুত্র হতে পারবে না।
তার জন্মাবার সময় আসবে এবং সে বেঁচে থাকতে পারবে না।
14“আমি তাদের কবর থেকে রক্ষা করব!
আমি তাদের মৃত্যুর হাত থেকে মুক্তি দেব!
মৃত্যু, তোমার রোগগুলি কোথায়?
কবর, কোথায় তোমার বিনষ্ট করার ক্ষমতা?
আমি শোক প্রকাশ করার কোন কারণই দেখি না!
15ইস্রায়েল তার ভাইদের সঙ্গে বড় হয়েছে।
কিন্তু পূর্ব দিক থেকে একটি শক্তিশালী ঝড় আসবে আর মরুভূমির দিক থেকে প্রভুর ঝড় বইবে।
তখন ইস্রায়েলের কুয়ো শুকিয়ে যাবে।
তার জলের ঝর্ণাগুলি শুকিয়ে যাবে।
ইস্রায়েলের কোষাগার থেকে যা কিছু মুল্যবান তার সব কিছুই বাতাস উড়িয়ে নিয়ে যাবে।
16শমরিয়া অবশ্যই শাস্তি পাবে।
কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে গেছে।
ইস্রায়েল জাতি তরবারির সাহায্যেই নিহত হবে।
তাদের সন্তানদের টুকরো টুকরো করে ছিন্ন করে দেওয়া হবে।
তাদের গর্ভবতী মেয়েদের ছিঁড়ে ফেলা হবে।”
14প্রভুর দিকে প্রত্যাবর্তন
1ইস্রায়েল তোমাদের পতন হয়েছে এবং ঈশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করেছো। সেজন্য তোমাদের প্রভু, ঈশ্বরের কাছে ফিরে এসো। 2তুমি যে কথাগুলো বলবে তার সম্বন্ধে চিন্তা কর এবং প্রভুর কাছে ফিরে এসো। তাঁকে বলো,
“আমাদের পাপ দূর করে দিন।
আমাদের ভালো কথাগুলি গ্রহণ করুন।
উৎসর্গ হিসেবে আমরা আমাদের ওষ্ঠ দিয়ে আপনাকে প্রশংসা বাক্য নিবেদন করব।
3অশূর আমাদের রক্ষা করতে সক্ষম হবে না।
আমরা যুদ্ধের ঘোড়ায় চাপব না।
যে জিনিসগুলো আমরা নিজেদের হাতে তৈরি করেছি
সেগুলোকে আমরা ‘আমাদের ঈশ্বর’ বলব না।
কেন? কারণ আপনিই একমাত্র সেই জন যিনি অনাথদের প্রতি কৃপা দেখান।
কেবলমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন।”
প্রভু ইস্রায়েলকে ক্ষমা করবেন
4প্রভু বলেন,
“আমাকে পরিত্যাগ করবার জন্য আমি তাদের ক্ষমা করব।
যেহেতু আমি ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হয়েছি
তাই আমি তাদের মুক্তমনে ভালোবাসব।
5আমি ইস্রায়েলের কাছে শিশিরের মতো হব।
ইস্রায়েল লিলির মতো প্রস্ফুটিত হবে।
সে লিবানোনের সিডার গাছের মতো হবে।
6তার শিকড়গুলি বাড়বে
এবং তাকে একটি সুন্দর জলপাই গাছের মত দেখাবে।
লিবানোনের সিডার গাছগুলো থেকে যে সুন্দর গন্ধ আসে
সেও সে রকম সুন্দর গন্ধ হবে।
7ইস্রায়েলের জনসাধারণ আবার আমার আশ্রয়ে থাকবে।
তারা শস্যের মত বাড়বে।
তারা দ্রাক্ষা গাছের মত মুকুলিত হবে।
তারা লিবানোনের মদের মত হবে।
ইস্রায়েলের মূর্ত্তিগুলি সম্বন্ধে প্রভু সতর্ক করছেন
8“ইফ্রয়িম, মূর্ত্তিগুলো নিয়ে আমার আর বেশী কিছু করবার থাকবে না।
আমিই সেই ‘এক’ যিনি তোমাদের প্রার্থনার উত্তর দেন, আমিই সেই যে তোমাদের ওপর নজর রাখে।
আমি সেই ফার গাছের মত যেটা চির সবুজ।
আমার কাছ থেকেই তোমাদের ফল আসে।”
সর্বশেষ উপদেশ
9একজন জ্ঞানী ব্যক্তি এই বিষয়গুলো বুঝতে পারছে।
একজন চটকদার মানুষকে অবশ্যই এই বিষয়গুলি শিখতে হবে।
প্রভুর পথ সকল সঠিক।
ভালো লোকরা সেই পথেই বাঁচবে।
পাপীরা তার দ্বারাই মারা যাবে।